মাধবপুরে বজ্রপাতে মা-ছেলে নিহত
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বজ্রপাতে মা ও ছেলে নিহত হয়েছেন।
বুধবার বেলা ২টায় উপজেলায় তেলিয়াপাড়া চা বাগানে এ সময় একজন আহতও হন।
নিহতরা হলেন তেলিয়াপাড়া বাগানের হরিপদ রবি দাসের স্ত্রী দুলালি রবি দাস (৩৫) এবং তার ছেলে সাজন রবি দাস(১৬)।
আহত হন দুলালির বোন জানতী রবি দাস (৩৫)। তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
মাধবপুর থানার ওসি আব্দুল বাছেদ জানান, দুপুরে মাধবপুরের বিভিন্ন স্থানে বৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যায়। এ সময় তেলিয়াপাড়া চা বাগানে দুলালি রবি দাস ও তার ছেলে সাজন ঘরের বারান্দায় খাওয়াদাওয়া করছিল।
এ সময় বজ্রপাত হলে দুলালি, সাজন ও জানতী রবি দাস আহত হয়।
স্থানীয়রা তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুলালি ও সাজনকে মৃত ঘোষণা করেন।
