কুষ্টিয়ায় অপহরণচেষ্টা ঠেকাল জনতা
কুষ্টিয়ায় এক তরুণকে অপহরণের সময় সড়ক আটকে তিনজনকে ধরে পিটিয়ে পুলিশে দিয়েছে জনতা, পুড়িয়ে দিয়েছে অপহরণকারীদের গাড়ি।
মঙ্গলবার রাত সাড়ে ১০টায় সদর উপজেলার কবুরহাট এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।
স্থানীয়রা জানায়, বড় আইলচারা গ্রামের চালকল শ্রমিক আব্দুল মতিনকে (১৭) পাশের জেলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার তিন যুবক তুলে নেয়ার চেষ্টা চালিয়েছিল।
পূর্বশত্রুতার জের ধরে মতিনকে তুলে নেয়ার চেষ্টা হচ্ছিল বলে পুলিশের সন্দেহ। কুষ্টিয়া মডেল থানার ওসি আব্দুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা ঘটনাটি খতিয়ে দেখছেন।
কুষ্টিয়া মডেল থানাধীন নাজিরপুর পুলিশ ফাঁড়ির এসআই মাহবুবুর রহমান জানান, বড় আইলচারা এলাকার মাতৃভাণ্ডার চালকলের চাতাল শ্রমিক মতিনকে কয়েকজন যুবক জোর করে একটি মাইক্রোবাসে উঠিয়ে নেয়।
“এই খবর ছড়িয়ে পড়লে মাইক্রোবাসের যাওয়ার পথের কবুরহাটের মানুষ সড়কে ব্যারিকেড দিয়ে অপহরণকারীদের আটকে ফেলে।”
খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসা শেষে তাদের গ্রেপ্তার করে কুষ্টিয়া মডেল থানায় নিয়ে যাওয়া হয়।
ওসি আব্দুল খালেক বলেন, “অপহরণকারীদের সঙ্গে মতিন বা তার পরিবারের পূর্ব থেকে শত্রুতা থাকতে পারে। আটকদের জিজ্ঞাসাবাদে প্রকৃত রহস্য জানা যাবে।”
