ভাতিজিকে হত্যার দায়ে চাচার যাবজ্জীবন
নীলফামারীতে এক শিশুকে হত্যার দায়ে তার চাচাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
এছাড়াও তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাস কারাভোগ করতে হবে।
সোমবার নীলফামারীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান এ আদেশ দেন।
দণ্ডিত ওবাইদুর রহমান (২৯) সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের প্রয়াত আব্দুল করিমের ছেলে।
নিহত শিশু রিমু (৯) দণ্ডিতের ভাই বাবুল হোসেনের মেয়ে।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ সালের ৭ নভেম্বর বাবুল হোসেনের মেয়ে রিমুকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে চাচা ওবাইদুর রহমান।
পরদিন (৮ নভেম্বর) রিমুর বাবা বাবুল হোসেন ভাই ওবায়দুরকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা করেন।
পুলিশ মামলার তদন্ত শেষে ওবাইদুর এবং তার অপর দুই ভাই হাচেন আলী ও মতিয়ার রহমানকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি মতিয়ার রহমানকে খালাশ দেয়া হয়। এছাড়া মামলা চলাকালে আরেক আসামি হাসেন আলী মৃত্যুবরণ করেন।
