উত্তরায় ‘বন্দুকযুদ্ধের’ পর ৪ ‘ছিনতাইকারী’ আটক
রাজধানীর উত্তরায় পুলিশ ও ‘ছিনতাইকারীর’ মধ্যে বন্দুকযুদ্ধের পর গুলিবিদ্ধ একজনসহ চার জনকে আটক করা হয়েছে।
সোমবার ভোরের দিকে উত্তরার স্লুইচ গেইট এলাকায় একদল ‘ছিনতাইকারীকে’ প্রতিরোধ করতে গেলে এ ঘটনা ঘটে বলে পুলিশ দাবি করেছে।
উত্তরা পশ্চিম থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, গোলাগুলির সময় পেটে গুলিবিদ্ধ হয়েছেন সবুজ (২৮) নামে এক ছিনতাইকারী। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সময় তুরাগ নদী থেকে আরো তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি জানান।
ওসি রফিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই এলাকা দিয়ে যাওয়ার সময় রায়হান নামে এক যুবকের পথ আটকে তার কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নিচ্ছিল ৮/৯ জনের একদল ছিনতাইকারী। তারা রায়হানের হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপও দেয়।
এসময় টহল পুলিশ চলে এলে ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি করে। এতে সবুজের পেটে গুলি লাগে। অন্য ছিনতাইকারীদের ধাওয়া দিলে তারা তুরাগ নদীতে ঝাঁপিয়ে পড়ে। পরে পুলিশ নদী থেকে তিন জনকে আটক করতে সক্ষম হয়। তবে অন্যরা পালিয়ে যায়।
