পটুয়াখালীর লঞ্চ ডুবি: আরো এক লাশ উদ্ধার
পটুয়াখালীর গলাচিপায় কলাগাছিয়া নদীতে কালবৈশাখী ঝড়ে লঞ্চ ডুবির দুই দিন বাদে একটি শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ নিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১৬ জনে দাঁড়ালো।
কলাগাছিয়া পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল হালিম জানান, সোমবার সকাল ৭টার দিকে কলাগাছিয়ার দূর্ঘটনাস্থল থেকে ৫ কিলোমিটার দূরত্বে একটি ব্রিক ফিল্ড এলাকার কাছে নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
লাশটি ফুলে যাওয়ায় নির্দিষ্ট করে চেনা যাচ্ছে না জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, “লাশটি নিখোঁজ সাড়ে ৩ বছরের শিশু ওহিদুলের হতে পারে বলে ধারণা করা হচ্ছে।”
ডুবে যাওয়া লঞ্চটি তুলে আনার পর প্রশাসন উদ্ধার অভিযান শেষ করলেও এখনো অন্তত ১১ যাত্রী নিখোঁজ রয়েছেন বলে স্থানীয়দের দাবি। এদিকে প্রসাশনের পক্ষ থেকে বলা হচ্ছে এ দুর্ঘটনায় অন্তত দুই জন নিখোঁজ রয়েছেন।
শনিবার বেলা ১টার দিকে পটুয়াখালী জেলা নৌ-বন্দরের দিকে আসার পথে ঝড়ের কবলে পরে ‘এমভি শাথিঁল-১’ লঞ্চটি। বিকেল সাড়ে ৩টার দিকে কলাগাছিয়া লঞ্চঘাট থেকে প্রায় এক কিলোমিটার দূরে এটি নদীতে তলিয়ে যায়।
ওই দিনই আটজনের লাশ উদ্ধার করা হয়েছিল। দ্বিতীয় দিনে রোববার উদ্ধার করা হয় আরো সাতটি লাশ।
অর্ধশতাধীক যাত্রী নিয়ে ডুবে যাওয়া যাত্রীবাহী লঞ্চটিকে প্রায় ৩০ ঘণ্টা পর রোববার রাত সাড়ে ১০টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ উদ্ধার করে।
জেলা প্রশাসক অমিতাভ সরকার সাংবাদিকদের বলেন, আর কোন লাশ পাওয়ার সম্ভাবনা না থাকায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। যদি কেউ নিখোঁজ থাকে, তবে লাশ ভেসে উঠলে তা উদ্ধার করা হবে।
লঞ্চডুবির এই ঘটনা তদন্তে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহতদের পরিবারকে তাৎক্ষণিক অর্থ সহায়তাও দিয়েছে স্থানীয় প্রশাসন।
উদ্ধার করা লাশের মধ্যে ১১ জনের পরিচয় জানা গেছে।
তারা হলেন- কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালীর মাহেন্দ্র মিস্ত্রির ছেলে নারায়ণ চন্দ্র মিস্ত্রি (৬০), রাঙ্গাবালী উপজেলার মাঝনেতা গ্রামের মিজানুর রহমানের স্ত্রী নিপু বেগম (৩৫), গঙ্গিপাড়া এলাকার শাহিন মিয়ার ছেলে শিফাত (৬), সানেরহাওলা এলাকার আব্দুল মান্নানের স্ত্রী মনোয়ারা বেগম (৫০), কাঁটাখালী এলাকার রনি শরীফের মেয়ে চিম্মি আক্তার (৬), একই উপজেলার কুদ্দুস হাওলাদারের স্ত্রী লুৎফা বেগম (৫৫), গলাচিপা পৌর শহরের দক্ষিণ কালিকাপুর এলাকার ছিদ্দিক মহুরীর মেয়ে রুনিয়া বেগম (২৫), রাশিদা বেগম (৪০), মিজানুর রহমান (৩৫), রেনু আক্তার লিজা (২৫) ও নাসিমা আক্তার (৩৫)।
সায়েমুজ্জামান জানান, পরিচয় নিশ্চিত হওয়ার পর ১১ জনের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা দেয়া হয়েছে।
এ নৌদুর্ঘটনা তদন্তে নৌ-পরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ ও জেলা প্রসাশনের পক্ষ থেকে তিনটি কমিটি করা হয়েছে।
