২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বজ্রপাত ও দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

চট্টগ্রাম মহানগরের দুটি এলাকায় বজ্রপাতে ও ছাদ থেকে পড়ে দুজনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2014, 05:12 PM

Updated : 22 Aug 2022, 06:11 PM

শুক্রবার ভোর রাতে কর্ণফুলী নদীর তীরবর্তী এলাকা ইছানগরে বজ্রপাতে মারা যান মাছ প্রক্রিয়াজাতকরণ শ্রমিক শাহজাহান।

তিনি কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের বশর আলীর ছেলে।

এর আগে বৃহস্পতিবার রাতে ইপিজেড থানার বন্দরটিলায় ভবনের ছাদ থেকে পড়ে মারা যায় আবু হানিফ (৩২)। তিনি মাদারীপুরের কালকীনি উপজেলার আল-বক্স বেপারীর ছেলে।

নিহত শাহজাহানের মামা আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ৩টার দিকে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে শাহজাহান ও তার সহকর্মীরা মাছের উপর তেরপল টানানোর সময় বজ্রপাতে আহত হন তিনি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া জানান, ভোরে শাহজাহানকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হানিফের পরিবারের সদস্যদের বরাত দিয়ে পংকজ বড়ুয়া জানান, রাতে হানিফ নিজ বাসার চারতলা ভবনের ছাদে পানির লাইন ঠিক করার সময় পা পিছলে পড়ে যায়।

গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।