নিউ মার্কেট থানায় ঢাবি ছাত্রদের হামলা, আহত ৫
এক পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা কাটাকাটির জের ধরে চার ছাত্রকে ধরে নেয়ার পর রাজধানীর নিউ মার্কেট থানায় হামলা চালিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের ছাত্ররা।
শুক্রবার বেলা ৩টার দিকে এ হামলায় চার পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। এ সময় পুলিশের একটি মোটরসাইকেলও ভাংচুর করা হয়।
নিউ মার্কেট থানার ওসি ইয়াসির আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এফ রহমান হলের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মীদের সঙ্গে পুলিশের ভুল বোঝাবুঝি হওয়ায় এ ঘটনা ঘটেছে। আমরা মীমাংসার চেষ্টা করছি।”
হামলায় পুলিশের উপপরিদর্শক (এসআই) হামিদ ও ইফতেখার, এএসআই সাইফুল্যাহ, কনস্টেবল শামীম ও আনসার সদস্য সবুজ আহত হয়েছেন। তাদের রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির এসআই শাহেদ আলী জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিউ মার্কেট থানার এএসআই সাইফুল্যাহ দুপুরে নীলক্ষেতের একটি হোটেলে খেতে যান। এসময় এফ রহমান হলের কয়েক ছাত্রও সেখানে খেতে বসেন।
খাওয়ার সময় পুলিশ কর্মকর্তার সঙ্গে থাকা ওয়াকিটকি বাজতে থাকায় ছাত্ররা সেটি বন্ধ করতে বলেন। কিন্তু এএসআই সাইফুল্যাহ তাতে অস্বীকৃতি জানান।
খাওয়া শেষ করে সাইফুল্যাহ বের হওয়ার পর হোটেলের সামনেই এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী রাষ্ট্র বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র নওশাদ, অর্থনীতি দ্বিতীয় বর্ষের ছাত্র বিপুল, বাংলা দ্বিতীয় বর্ষের ছাত্র মুকিত ও ইংরেজী প্রথম বর্ষের ছাত্র সোহানের সঙ্গে তার আবার কথা কাটাকাটি হয়। বাক-বিতণ্ডার এক পর্যায়ে তা হাতাহাতি পর্যন্ত গড়ায়। এসময় আশপাশে থাকা কয়েকজন ট্রাফিক পুলিশ এসে ওই চার ছাত্রকে থানায় নিয়ে যায়।
এ খবর হলে ছড়িয়ে পড়লে এফ রহমান হলের শতাধিক শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মীরা সংঘবদ্ধ হয়ে থানায় হামলা চালায়। তারা থানা কম্পাউন্ডে থাকা ওসির মোটরসাইকেল ভাংচুর করে।
এ বিষয়ে ছাত্রলীগের এফ রহমান হল শাখার সাধারণ সম্পাদক রুহুল আমিন বলেন, “পুলিশ সদস্যরা প্রথমে শিক্ষার্থীদের ওপর হামলা করেন। এরপর ছাত্ররা গিয়ে হামলা করেছে।”
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের তিনি হলে ফিরিয়ে এনেছেন বলেও দাবি করেন ছাত্রলীগের এই নেতা।
