নিক্সনের স্ত্রীর লাশ বিনা তদন্তে নিলেন বাবা-মা
সংসদ সদস্য মুজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীর স্ত্রী মুনতারিন চৌধুরীর অপঘাতে মুত্যুর একটি মামলা হলেও কোনো অভিযোগ না জানিয়ে ময়না তদন্ত ছাড়াই লাশ গ্রহণ করেছে তার পরিবার।
মঙ্গলবার রাতে মৃত্যুর পর মুনতারিনের বাবা-মার কানাডা থেকে ফেরার অপেক্ষা করা হচ্ছিল।
প্রধানমন্ত্রীর আত্মীয় নিক্সনের স্ত্রীর মৃত্যু নিয়ে তার সহকারীদের বিভিন্ন তথ্য দেয়া এবং অপঘাতে পুলিশের না যাওয়া নিয়ে প্রশ্নও ওঠে।
মুনতারিনের বাবা-মা কানাডা থেকে ফিরে বৃহস্পতিবার লাশ গ্রহণ করেন বলে জানিয়েছেন গুলশান থানার ওসি রফিকুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেয়ের মুত্যুতে কোনো অভিযোগ নেই বলে তারা লিখিতভাবে জানিয়েছেন। একইসঙ্গে তারা বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের আবেদনও করেন।”
ঢাকা মহানগর পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার নুরুল আলম জানান, এই ঘটনায় গুলশান থানায় একাট অপমৃত্যু মামলা হয়েছে।
ছবি: ফেইসবুক
নিক্সনের ব্যক্তিগত সহকারী জাহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছয়তলা বাসার ছাদ থেকে পা পিছলে পড়ে গিয়েছিলেন মুনতারিন চৌধুরী।
অন্যদিকে বাড়ির নিরাপত্তাকর্মী মো. মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঝড়ের পর চারতলার বেলকনী থেকে পড়ে গিয়েছিলেন মুনতারিন।
এই অপমৃত্যুর বিষয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে গুলশান বিভাগের উপকমিশনার লুৎফুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, কেউ কোনো অভিযোগ না করায় কোনো পদক্ষেপ নিচ্ছেন না তারা।
আওয়ামী লীগের সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরীর (লিটন চৌধুরী) ভাই নিক্সন চৌধুরী দশম সংসদে স্বতন্ত্র প্রার্থী হন ফরিদপুর-৪ আসনে। সেখানে আওয়ামী লীগ প্রার্থী কাজী জাফরউল্লাহকে হারিয়ে বিজয়ী হন তিনি।
নিক্সন প্রধানমন্ত্রীর ফুফাতো ভাইয়ের ছেলে। নিক্সনের মাও প্রধানমন্ত্রীর ফুফাতো বোন।
পদ্মাসেতু নিয়ে দুর্নীতির অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করেছিল দুর্নীতি দমন কমিশন।
সর্বশেষ নির্বাচনের আগে ফরিদপুরে এক জনসভায় প্রধানমন্ত্রী নিক্সনকে ইঙ্গিত করে জনসভায় বলেন, পদ্মাসেতুতে জড়িতদের কেউ তার আত্মীয় নন।
