২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে নিখোঁজের ৪ দিন পর মিলল স্বেচ্ছাসেবক লীগ কর্মীর লাশ

সিলেটের ওসমানীনগরে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের এক কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2014, 07:22 PM

Updated : 22 Aug 2022, 06:11 PM

নিহত অর্জুন ভৌমিক (২০) ওসমানীনগর থানার গোয়ালাবাজার ইউনিয়নের পুরকায়স্থপাড়া গ্রামের মৃত নিলু ভৌমিকের ছেলে। তিনি বালাগঞ্জ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ছাত্র যুব ঐক্য পরিষদের সাবেক কোষাধ্যক্ষ।

বৃহস্পতিবার দুপুরে নিজ গ্রামে এক প্রতিবেশির নির্মাণাধীন বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।

ওসমানীনগর থানার ওসি জুবের আহমদ জানান, গত রোববার বোনের বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন অর্জুন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।

বৃহস্পতিবার সকালে প্রতিবেশি মজনু মিয়ার একটি নির্মাণাধীন কাচা ঘরে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়।

ওসি বলেন, লাশে পচন ধরায় প্রথমে তাকে সনাক্ত করা যায়নি। পরে তার কাছে পাওয়া মোবাইল ফোন দেখে পরিবারের সদস্যরা অর্জুনের লাশ সনাক্ত করেন।

ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।