অপহৃত পোশাক শ্রমিক উদ্ধার, আটক ৫
অপহরণের তিন দিন পর গাজীপুরের এক পোশাক শ্রমিককে টাঙ্গাইল থেকে উদ্ধার করা হয়েছে।
সোমবার কোনাবাড়ি থেকে অপহরণের পর বুধবার রাতে পোশাক কারখানার কর্মী মোবারক হোসেনকে উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। অপহরণে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে।
টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের কার্যালয়ে উপ-পরিদর্শক (এসআই) চন্দন কুমার চক্রবর্তী জানান, গত সোমবার গার্মেন্টস ছুটি হওয়ার পর মোবারক কোনাবাড়িতে তার ভাড়া বাসায় ফেরার পথে অপহরণকারীরা তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
অপহরণকারীরা মোবারকের স্ত্রী লাভলী বেগমের কাছে মোবাইল ফোনে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হলে গোয়েন্দা পুলিশ মোবাইল ফোন ট্র্যাকিং-এর মাধ্যমে শহরের ‘বেবি স্ট্যান্ড’ এলাকা থেকে পাঁচ অপহরণকারীকে গ্রেপ্তার এবং অপহৃত মোবারককে উদ্ধার করা হয় বলেও জানান তিনি।
মোবারক হোসেনের বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায়। গাজীপুরের এসকে টেক্স গার্মেন্টসে কাজ করতেন তিনি।
