২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণে জড়িত অভিযোগে কুড়িগ্রামে দুই পুলিশ গ্রেপ্তার

কুড়িগ্রামে এক এনজিও কর্মকর্তাকে অপহরণ করে মুক্তিপণ আদায় করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই কনস্টেবলসহ ডিবি পুলিশের এক সোর্সকে গ্রেপ্তার করা হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

আহাসান হাবীব নীলু

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2014, 06:31 PM

Updated : 22 Aug 2022, 06:11 PM

এনজিও কর্মকর্তা মাইদুল ইসলামকে (৪০) অস্ত্রের মুখে বুধবার সন্ধ্যায় অপহৃত হন।

বৃহস্পতিবার দুপুরে অপহৃত মাইদুলের ছোট ভাই লিটন এ ঘটনায় চাঁদাবাজি মামলা করেন বলে জানিয়েছেন মামলাটির তদন্ত কর্মকর্তা কুড়িগ্রাম সদর থানার এসআই আব্দুল গফুর।

তিনি বলেন, “এ ঘটনায় জড়িত থাকার অপরাধে ডিবি পুলিশের কনস্টেবল আতিকুজ্জামান, কুড়িগ্রাম কোর্টে কর্মরত কনস্টেবল মামুনুর রশিদ ও মনু মেকারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

এ মামলায় ৪ জনকে আসামি করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, অপর আসামি কুড়িগ্রাম কোর্টে কর্মরত কনস্টেবল শাহ আলম পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কুড়িগ্রাম সদর থানার ওসি আব্দুল বাতেন মিয়া জানান, ‘পুলিশের শৃঙ্খলা ভঙ্গের’ দায়ে দুজন পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনাকে অপহরণ নয় দাবি করে ওসি বলেন, “এটি অপহরণ নয় স্রেফ চাঁদাবাজি। পুলিশি তৎপরতায় তা ভেস্তে গেছে।”

অপহরণ ঘটনায় চাঁদাবাজির মামলা করলেন কেন জানতে চাইলে   কুড়িগ্রাম সরকারি কলেজের ছাত্র অপহৃতের ছোট ভাই লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশের লেখা এজাহারে স্বাক্ষর করেছেন তিনি।

তিনি জানান, বুধবার বিকালে কলেজ পাড়া এলাকার এক ছাত্রাবাসে তার সঙ্গে মাইদুল দেখা করতে যান।

ভাইকে উদ্ধৃত করে জানান, সেখান থেকে সন্ধ্যায় বাসায় ফেরার পথে মাইদুলকে অস্ত্রের মুখে অপহরণ করে সদরের মোগলবাসা এলাকায় এক বাড়িতে আটকে রাখে অপহরণকারীরা।

এরপর তারা মুক্তিপণ দাবি করে লিটনকে মোবাইলে ফোন করে তারা।

রফা অনুযায়ী অপহরণকারীদের দেয়া একটি বিকাশের নম্বরে মুক্তিপণের ১০ হাজার টাকা পাঠিয়ে দেন লিটন।

এ মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল গফুর জানান, এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযানে নামে।

সাদা পোশাকে পুলিশ অবস্থান নেয় কুড়িগ্রাম পৌর বাজারের বিকাশ এজেন্ট শহিদের দোকানে।

সেখানে টাকা তুলতে আসে ডিবি পুলিশের এসআই মশিউরের মোটরসাইকেলচালক ও সোর্স মনু মেকার। তাদের অনুসরণ করে পুলিশ।

রাত ১২টার দিকে কুড়িগ্রাম সদর হাসপাতাল মোড় এলাকায় মনু মেকারের দোকানে মুক্তিপণের টাকা ভাগাভাগির সময় এসআই আব্দুল গফুরের নেতৃত্বে পুলিশের একটি দল হানা দেয়।

এ সময় হাতেনাতে ডিবি পুলিশের কনস্টেবল আতিকুজ্জামান, কুড়িগ্রাম কোর্টে কর্মরত কনস্টেবল মামুনুর রশিদ ও মনু মেকারকে গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় কুড়িগ্রাম কোর্টে কর্মরত কনস্টেবল শাহাআলম পালিয়ে যান বলে জানান তিনি।

এদিকে, ছাড়া পেয়ে অপহৃত মাইদুল হেঁটে বুধবার রাত ২টায় বাসায় ফেরে বলে জানান তার স্বজন।