২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ আমানতে ফের সোনা উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে আসা সাতজনের কাছ থেকে ১৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2014, 08:46 PM

Updated : 22 Aug 2022, 06:10 PM

তবে যাদের কাছে সোনা পাওয়া গেছে তাদের আটক না করে পাসপোর্ট রেখে ছেড়ে দেয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান মণ্ডল জানান, বুধবার বিকালে জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের পাঁচ যাত্রীর কাছ থেকে ১০টি এবং মাস্কট থেকে আসা এয়ার এরাবিয়ার দুই যাত্রীর কাছ থেকে চারটিসহ মোট ১৪টি বার উদ্ধার করা হয়।

জব্দ করা স্বর্ণের বারগুলোর ওজন ৬৩৩ গ্রাম এবং এগুলোর আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা বলে জানান তিনি।

কাস্টমসের এই কর্মকর্তা বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের পাঁচজন এবং সাড়ে পাঁচটার দিকে মাস্কট থেকে আসা এয়ার এরাবিয়ার দুইজন যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের তল্লাশি করা হয়।

এসময় তাদের মানিব্যাগ, লাগেজ, জুতা এবং শরীর তল্লাশি করে প্রতিজনের কাছ থেকে দুটি করে মোট ১৪টি বার উদ্ধার করা হয়।

“এসব যাত্রীদের পাসপোর্ট জব্দ করে ছেড়ে দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে পরে ব্যবস্থা নেয়া হবে,” বলেন তিনি।