দিনাজপুরে সেতুর রড পড়ে শ্রমিকের মৃত্যু
দিনাজপুর শহরে একটি নির্মাণাধীণ রেলসেতু থেকে রড পড়ে এক শ্রমিকরে মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো পাঁচজন।
মঙ্গলবার রাত ১১টার দিকে শহরে পুনর্ভবা নদীর উপরে নির্মাণাধীন সেতুর পিলারের বাইন্ডিং করা রডের ফ্রেম ধসে পড়ে।
নিহত মাসুদ রানা (৩২) বোচাগঞ্জ উপজেলার নাফানগর ইউনিয়নের নূর ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী শ্রমিকদের বরাত দিয়ে কোতয়ালি থানার উপ-পরিদর্শক আফতাব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফো ডটকমকে জানান, রেল সেতুর পিলারের উপর শ্রমিকরা রডের ফ্রেম বানানোর সময় হঠাৎ ফ্রেমটি খুলে পড়ে। এতে মাথায় রড ঢুকে ঘটনাস্থলেই নির্মাণ শ্রমিক মাসুদ রানা মারা যায়।
এ দুর্ঘটনায় আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরা হলো জাহাঙ্গীর আলম (২৫), খায়রুল ইসলাম (২৬), মমতাজ (২৪), দেলোয়ার (২৭) ও মাহবুব হোসেন (২৫)।
