গাজীপুরে কভার্ডভ্যান-লেগুনা সংঘর্ষে নিহত ২
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কভার্ডভ্যান ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে আট মাসের শিশুসহ দুই যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে দক্ষিণ শালনা এলাকার এ দুর্ঘটনায় আহত ১৫ জনের মধ্যে পাঁচ জনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
নাওজোড় মহাসড়ক ফাঁড়ির এসআই মো. ইকবাল হোসেন জানান, হতাহতরা লেগুনার যাত্রী এবং মনিপুর এলাকার বাসিন্দা।
পরে পুলিশ গিয়ে মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে দিলে সকাল ১০টার পর থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয় বলে জানান এসআই ইকবাল।
নিহতরা হলেন- দর্শনের স্ত্রী গীতা রানী (৪৫) এবং ধনঞ্জয়ের আট মাসের শিশু যুথী।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালের দিকে চান্দনা চৌরাস্তা থেকে মনিপুরগামী লেগুনাটির সঙ্গে বিপরীত দিকে থেকে আসা একটি কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান গীতা। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় ধনঞ্জয়ের মেয়ে যুথীর। এ সময় ধনঞ্জয়ের স্ত্রী মমিতা রানীও আহত হন।
আহত পাঁচজনকে গাজীপুর সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলেও জানান এসআই ইকবাল।
লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।
