২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে হামলায় পা গেল ছাত্রলীগ নেতার

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কুপিয়ে এক ছাত্রলীগের নেতার ডান পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া আরো এক জনের দুই হাত ও দুই পায়ের রগ কেটে দেয়া হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2014, 10:27 AM

Updated : 01 Sep 2026, 12:49 PM

মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাদেরকে সকাল সাড়ে ১১ টার দিকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়েছে।

আহতরা হলেন, ফোকলোর বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক টগর মোহাম্মদ সালেহ এবং ইতিহাস বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ও ছাত্রলীগ সদস্য আব্দুল্লাহ হেল মাসুদ রানা। দুইজনই মাদার বখশ হলে থাকতেন।

এই ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ক্যাম্পাস ও আশপাশের এলাকা থেকে ১৫ জনকে আটক করেছে।

মতিহার থানার ওসি আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, টগর ও মাসুদ মাদার বখশ হল থেকে ক্যাম্পাসে ক্লাসের উদ্দেশ্যে বের হয়েছিলেন। তাদের বহনকারী রিকশা জিয়াউর রহমান হল ও শহীদ হবিবুর রহমান হলের মাঝামাঝি জায়গায় আসলে দুর্বৃত্তরা তাদের রিকশা লক্ষ্য করে কয়েকটি হাতবোমা বিস্ফোরণ ঘটায়।

“এসময় টগর ও মাসুদ রিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করলে হামলাকারীরা তাদের ধরে একটি দোকানের পেছনে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।”

গুরুতর অবস্থায় তাদের প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি আতিকুর রহমান সুমন।

সেখানে দুই জনেরই অস্ত্রোপচার করা হয় বলে জানান তিনি।

হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের প্রধান বি কে দাম বলেন, “হামলাকারীরা মাসুদের ডান পায়ের গোড়ালি থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। আর বাম পাও কেটে দেয়া হয়েছে। সেটি পুরো বিচ্ছিন্ন হয়নি।

“তার দুই হাতের রগও কেটে দেয়া হয়েছে।”

আর টগরের দুই পা ও দুই হাতের রগ কেটে দেয়া হয়েছে। তাদেরকে প্রাথমিক অস্ত্রোপচার শেষে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান তিনি।

পুলিশের উপ-কমিশনার প্রলয় চিচিম বলেন, পুলিশের কয়েকটি দল ঘটনায় জড়িতদের ধরতে কাজ করছে।

ছাত্রশিবির পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল তুহিন বলেন, “মাসুদের অবস্থা আশঙ্কাজনক। সে বাঁচবে কি না তা নিয়ে চিকিৎসকরা শঙ্কা প্রকাশ করেছেন।”

তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সহসভাপতি আবদুর রউফ অভিযোগ অস্বীকার করে বলেন, “ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে ওই দুই নেতার উপর হামলা হয়েছে।”

গত শনিবার রাতে মাদার বখশ হলের শিবির সভাপতি ওয়ালিউল্লাহ ওলিকে মারধর করা হয়। ওই ঘটনায়  মাসুদ জড়িত ছিলেন।

ওই ঘটনার জেরে হামলা করা হয়েছে কী না জানতে চাইলে শিবির নেতা রউফ বলেন, “এখানে শিবিরের সঙ্গে ছাত্রলীগের দ্বন্দ্ব নেই। কয়েকদিন আগে টগরের সঙ্গে ছাত্রলীগের আরেক নেতার মারামারি হয়েছিল। এর জেরেই তাদের নিজেদের মধ্যে ‘মারামারি’ ঘটনা ঘটেছে।”

এদিকে হামলার প্রতিবাদ ও জড়িতদের আটকের দাবিতে দুপুর ১২টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ।