বাংলাদেশ উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ উন্নয়ন পরিষদের (বিইউপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
সোমবার বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থাটির ৩৫ বছরের পদার্পণের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউপি পরিবারের সদস্য ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বিইউপির এ ‘সম্মানিত সদস্যকে’ তার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। শতায়ু হওয়ার প্রত্যাশা জানিয়ে দেয়া হয় সম্মাননা।
চলতি বছরের জানুয়ারির ২৫ তারিখে ৮১ বছরে পা রাখেন অর্থমন্ত্রী মুহিত।
প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, “অর্থনীতি, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে নিরন্তর গবেষণাকর্ম পরিচালনা ও দিকনির্দেশনা দিয়ে যাচ্ছে বিইউপি। ১৯৮১ সাল থেকে নিয়মিতভাবে ত্রৈমাসিক জার্নাল ‘উন্নয়ন বিতর্ক’ প্রকাশের যে ধারা বিইউপি অব্যাহত রেখেছে তাও অনেক কৃতিত্বের দাবিদার।”
বিইউপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান বলেন, “তারুণ্যে উদ্ভাসিত একগুচ্ছ তরুণকে নিয়ে বিইউপির যাত্রা শুরু হয়েছিল। তাদের সঙ্গে পরবর্তী সময়ে যোগ দিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গ। তাদের সম্মিলিত প্রয়াসে আজকের এ অবস্থানে এসেছে বিইউপি।”
বিইউপি সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাস উদ্দীন, সাবেক সভাপতি আসাদুজ্জামান, নারীনেত্রী লতিফা আকন্দ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন বিইউপি নির্বাহী পরিচালক নিলুফার বানু।
