‘ইয়াবা ব্যবসায়ীর’ সঙ্গে গোলাগুলি, ৩ পুলিশ আহত
কক্সবাজারে কথিত ইয়াবা ব্যবসায়ীদের সঙ্গে গোলাগুলিতে পুলিশের তিন কনস্টেবলসহ চার জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, সোমবার ভোর ৫টার দিকে জেলা শহরের কলাতলীর উত্তরণ আবাসিক এলাকায় এ ঘটনায় এক ইয়াবা ব্যবসায়ীও গুলিবিদ্ধ হয়েছেন।
আহত চকরিয়ার থানার কনস্টেবল মোহাম্মদ হোছাইন, মোহাম্মদ সেলিম ও জানে আলমকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইয়াবা ব্যবসায়ী মোস্তাক আহমদকে দেয়া হয় প্রাথমিক চিকিৎসা।
ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি দেশে তৈরি একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ ও একটি গুলির খোসা।
আটকদের মধ্যে কক্সবাজার পৌরসভার কলাতলী এলাকার মো. ফজলুল হকের ছেলে মোস্তাক আহমদ (৩২) পুলিশের জিজ্ঞাসাবাদে জানান তার হেফাজতে বিপুল সংখ্যক ইয়াবা ট্যাবলেট ছাড়াও অবৈধ অস্ত্র মজুদ রয়েছে।
এ তথ্যের ভিত্তিতে ভোরে পুলিশ মোস্তাককে নিয়ে কক্সবাজার শহরের উত্তরণ আবাসিক এলাকায় যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোস্তাকের লোকজন পুলিশের উপর গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে পুলিশের তিন কনস্টেবল আহত হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মোস্তাক আহমদসহ পাঁচজনের নাম উল্লেখসহ ১২ জনের বিরুদ্ধে পুলিশের উপর হামলা ও অস্ত্র আইনে কক্সবাজার সদর থানায় দুটি পৃথক মামলা করেছে।
গত এক মাসে কক্সবাজারে ইয়াবা বিরোধী বিশেষ অভিযানে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ছয় ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়েছে আট জন।
