মুফতি ইজাহারের বিরুদ্ধে পরোয়ানা
বিস্ফোরক মামলার পর এবার সম্পদের হিসাব বিবরণী জমা না দেয়ায় দুদকের মামলায় হেফাজতে ইসলামের নেতা মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে চট্টগ্রামের একটি আদালত।
সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক এসএম মজিবুর রহমান এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী জানান, এদিন মামলার অভিযোগপত্র গ্রহণের শুনানিতে
হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আদালত মামলার অভিযোগপত্রও গ্রহণ করেছে।
সম্পদের হিসাব বিবরণী চেয়ে দুদকের পাঠানো নোটিসের জবাব না দেয়ায় গত বছরের ১৭ সেপ্টেম্বর চট্টগ্রামের খুলশী থানায় দুদকের চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক সিরাজুল হক এ মামলা করেন।
“নোটিস অবজ্ঞা করে তার জবাব না দেয়ায় দুর্নীতি দমন কমিশনের আইনের ২৬ এর ২ ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়। এ বছরের ২০ এপ্রিল দুদক, চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক এইচএম আখতারুজ্জামান মামলায় অভিযোগপত্র দেন।”
মুফতি ইজাহারুল ইসলাম নগরীর লালখান বাজারের জামেয়াতুল ইসলামিয়া মাদ্রাসার (লালখান বাজার বড় মাদ্রাসা) মহাপরিচালক।
গত বছরের ৭ অক্টোবর এ মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় করা বিস্ফোরক মামলায়ও তার বিরুদ্ধে আদালত গত মাসে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
ওই ঘটনায় মুফতি ইজাহারের ছেলে হারুন ইজাহারসহ মোট আটজন গ্রেপ্তার আছে। মামলার প্রধান আসামি মুফতি ইজাহার।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি ইজাহার নেজামে ইসলামী পার্টির কেন্দ্রীয় সভাপতির পদেও রয়েছেন।
