শপথ নিতে গিয়ে উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার
রংপুরে শপথ নিতে গিয়ে পৃথক দুই হত্যা মামলায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার হয়েছেন।
সুন্দরগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে থেকে সুন্দরগঞ্জ উপজেলার চেয়ারম্যান মাজেদুর রহমান এবং ভাইস চেয়ারম্যান আবু সোলায়মানকে গ্রেপ্তার করা হয়।
মাজেদুর জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা কমিটির সহ-সম্পাদক এবং সোলায়মান সুন্দরগঞ্জ পৌর জামায়াতের সহ-সম্পাদক বলে জেলা জামায়াতের সেক্রেটারি মো. আব্দুল করিম জানিয়েছেন।
ওসি মোজাম্মেল বলেন, যুদ্ধাপরাধে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর সুন্দরগঞ্জে সহিংসতায় পুলিশ হত্যা মামলায় আবু সোলায়মানকে গ্রেপ্তার করা হয়েছে। আর মাজেদুরকে গ্রেপ্তার করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা খলিলুর রহমান মামুন হত্যা মামলায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, জামায়াতের এই দুই নেতা শপথ গ্রহণের জন্য রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গেলে রংপুর কোতোয়ালি থানা পুলিশের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়।
গত ৩১ মার্চ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে তারা জয়ী হন।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোশারফ হোসেন জানান, গত বছরের ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হামলায় সুন্দরগঞ্জে তিন পুলিশ সদস্য নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আবু সোলায়মান।
অন্যদিকে একই বছরের ১৪ নভেম্বর সুন্দরগঞ্জের বাজারপাড়া গ্রামে একটি সেলুনে চুল কাটতে গিয়ে জামায়াত-শিবিরের হামলায় নিহত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হল শাখা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান মামুন।
বিশ্ববিদ্যালয় থেকে গ্রামের বাড়ি বাজারপাড়ায় বেড়াতে এসে নিহত হন তিনি।
তাকে হত্যায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি চেয়ারম্যান মাজেদুর রহমান।
“হত্যা মামলার আসামি হওয়ায় পলাতক থেকেই চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তারা,” বলেন অতিরিক্ত পুলিশ সুপার মোশারফ।
