২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বেদখল খাস জমি উদ্ধার

চট্টগ্রাম নগরীতে বেদখল হওয়া বিপুল পরিমাণ খাস জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2014, 06:32 PM

Updated : 13 Oct 2022, 12:02 PM

রোববার চট্টগ্রামের অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) এস এম আবদুল কাদেরের নেতৃত্বে অভিযান চালিয়ে নগরীর খুলশীর লেকভিউ আবাসিক এলাকায় দশমিক ৭০ একর খাস জমি উদ্ধার করা হয়।

একটি শিপব্রেকিং ইয়ার্ডের মালিক সীতাকুণ্ড উপজেলার রাজা কাশেম নামে এক ব্যক্তি এসব জমি দখল করে রেখেছিলেন।

চট্টগ্রামের সহকারী কমিশনার (ভূমি, চান্দগাঁও সার্কেল) একেএম রেজাউর রহমান জানান, উদ্ধার করা জমির বর্তমান বাজার মূল্য ৬৫ কোটি টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “পাহাড়তলী মৌজার এ অংশটি রাজা কাশেম ও তার অনুসারীরা দীর্ঘ দিন ধরে কাঁটাতারের বেড়া দিয়ে দখল করে রাখে। জায়গাটি দখলমুক্ত করে সরকারি নিয়ন্ত্রণে আনা হয়েছে।”

অতিরিক্ত জেলা প্রশাসক এস এম আবদুল কাদের জানান, রাজা কাশেম প্রভাবশালী হওয়ায় এসব সরকারি জমি এতাদিন বেদখল ছিল।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, লেক ভিউ আবাসিক এলাকা মালিক কল্যাণ সমিতির সাইনবোর্ড লাগিয়ে জায়গাটি দীর্ঘদিন ধরে দখল করে রাখা ছিল।

পরে ওই সাইনবোর্ড সরিয়ে ফেলেছেন।