টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
কক্সবাজারের টেকনাফে র্যাব ও বিজিবি সদস্যদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই জন নিহত হয়েছেন, যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বলে কর্মকর্তারা জানিয়েছেন।
বিজিবির টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, রোববার ভোর ৫টার দিকে টেকনাফের দমদমিয়া ন্যাচারাল পার্ক এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ তারা নিহত হন।
নিহত জাহেদ হোসেন জাকু (৪২) ও ফরিদুল আলম (৪০) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বলে জানান তিনি।
বিজিবির এই কর্মকর্তা বলেন, ‘বন্দুকযুদ্ধের’ পর ঘটনাস্থল থেকে তিনটি আগ্নয়াস্ত্র, ১০ রাউন্ড গুলি এবং নয়টি প্যাকেটে দুই হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
তিনি বলেন, একটি মাইক্রোবাসে করে ইয়াবা পাচারের খবর পেয়ে ভোর ৫টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের দমদমিয়া ন্যাচারাল পার্ক এলাকায় অবস্থান নেন র্যাব ও বিজিবি সদস্যরা।
“কিছুক্ষণ পর তারা একটি মাইক্রোবাসকে থামার সঙ্কেত দিলে সেটি পালাতে থাকে। র্যাব ও বিজিবির গাড়ি তাদের পিছু নেয়। একপর্যায়ে মাইক্রোবাস থেকে র্যাব-বিজিবির গাড়ি লক্ষ করে গুলি ছুড়লে একটি গুলি বিজিবির হাবিলদার মুজিবের বুলেটপ্রু জ্যাকেটে লাগে।
“এ সময় র্যাব ও বিজিবি সদস্যরা পাল্টা গুলি চালালে মাইক্রোবাস ফেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে মাইক্রোবাসের কাছে জাকু ও ফরিদুলের মৃতদেহ পাওয়া যায়।”
মৃতদেহ দুটি টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে টেকনাফ থানার ওসি রণজিৎ কুমার বড়ুয়া জানিয়েছেন।
