২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফ বন্দরের ব্যবসায়ীদের ধর্মঘট স্থগিত

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট পাঁচ দিনের মাথায় স্থগিত করা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2014, 11:06 PM

Updated : 22 Aug 2022, 06:09 PM

ব্যবসায়ীরা জানান, শনিবার রাত ৮টার দিকে এ তারা ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন।

তবে, টেকনাফ উপজেলা প্রশাসন ধর্মঘট ‘প্রত্যাহার’ করা হয় বলে জানায়।

সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর জানান, শনিবার দুপুরে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে তাদের বৈঠক হয়। বৈঠকের পর অ্যাসোসিয়েশনের সভা ডাকা হয় সন্ধ্যায়।

বৈঠকে রাত ৮টা থেকে ধর্মঘট স্থগিত করা হয়।

কক্সবাজারের জেলা প্রশাসক রুহুল আমিন বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তিনি দেশে ফিরলে এ ব্যাপারে আবার আলোচনা হবে বলে তিনি জানান।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ মোজাহিদ উদ্দিন জানান, বিকালে ব্যবসায়ীদের সঙ্গে তার বৈঠক হয়েছে। বৈঠকের পর ব্যবসায়ীরা ধর্মঘট ‘প্রত্যাহার’ করে নিয়েছেন।

টেকনাফে ইয়াবা বিরোধী অভিযানের অংশ হিসেবে ২১ এপ্রিল ‘ইয়াবাসহ’ পাঁচ জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আটকদের মধ্যে মো. আয়াছ ও জিয়াবুল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের যথাক্রমে কোষাধ্যক্ষ ও সদস্য। এ দুজনের আটকের প্রতিবাদে ব্যবসায়ীরা ২২ এপ্রিল থেকে এ ধর্মঘটে যান।