২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্ত করায় দুই বিমানযাত্রীকে জরিমানা

নারী যাত্রীদের উত্ত্যক্ত করায় দুবাই থেকে আসা এক উড়োজাহাজের দুই যাত্রীকে জরিমানা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2014, 05:21 PM

Updated : 22 Aug 2022, 06:09 PM

শুক্রবার রাতে বিমানটি শাহজালাল বিমানবন্দরে নামার পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্বাহী হাকিম সিদ্দিকা আক্তার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই দুজনকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।

বিমানবন্দরে কর্মরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. আলমগীর হোসেন বলেন, ইমন (৩৮) ও মিন্টু শিকদার (৪৩) নামে ওই দুই যাত্রী অপরাধ স্বীকার করায় তাদের এই সাজা দেয়া হয়েছে।

ইমন ও মিন্টু বিমানে দুই নারী যাত্রীকে উত্ত্যক্ত করছিল বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান আলমগীর।

“বিমানবন্দরের পৌঁছার পরও ইমন ও মিণ্টু ওই দুই নারীর পিছু নেয়। তখন তারা আর্মড পূলিশকে জানালে দুজনকে আটক করা হয়। পরে সিভিল এভিয়েশনের নির্বাহী ম্যাজিস্টেট তাদের জরিমানা করেন।”

ইমনের বাড়ি পিরোজপুরে, মিন্টুর বাড়ি বরিশালে। তারা ব্যবসায়িক কাজে দুবাই গিয়েছিলেন বলে পুলিশকে জানিয়েছেন।