২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রানা প্লাজা নিয়ে কথা বলা বিএনপি নেতাদের মানায় না’

বিএনপি নেতারা আন্দোলন ও লংমার্চ করে কোটি টাকা খরচ করলেও রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসেনি দাবি করে  আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, তাদের মুখে রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের নিয়ে কথা বলা মানায় না।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2014, 10:50 PM

Updated : 22 Aug 2022, 06:09 PM

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন, “রানা প্লাজা ধসে পড়ার ১ ঘণ্টার মাথায় সরকার সাহায্য প্রদান শুরু করে। আমাদের দলের নেতাকর্মীরা উদ্ধার কাজে অংশগ্রহণ করেছে। আর বিএনপি নেতৃবৃন্দ আন্দোলন ও লংমার্চ করে কোটি কোটি টাকা খরচ করছেন।  অথচ রানা প্লাজার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ায়নি।”

“যে দল রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পুনর্বাসনে অংশ নেয়নি, তাদের মুখে এই কথা মানায় না।”

বাংলাদেশের ইতিহাসে ভয়াবহতম ওই ভবন ধসের বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীতে এক মানববন্ধনে  বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া ওই ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়া ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তোলেন।

Image
সংবাদ সম্মেলনে পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ।

সংবাদ সম্মেলনে পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ।

একই দিন রানা প্লাজায় নিহতদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতাহতদের ক্ষতিপূরণ দিতে গঠিত তহবিলের অর্থ ‘অপব্যবহারের’ অভিযোগ তোলেন।    

ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে আওয়ামী হকার্স লীগ আয়োজিত আলোচনায় হাছান মাহমুদ বলেন, “দেশের গার্মেন্টস শিল্প নিয়ে এখন বিএনপি ও বিদেশিরা ষড়যন্ত্র করছে।

“রানা প্লাজার শ্রমিকদের নিয়ে বিদেশি বন্ধুরা বহু প্রতিশ্রুতি দিয়েছিলেন, কই একটাও তো পূরণ করলেন না। শেখ হাসিনার সরকার নানা বাধা সত্ত্বেও এগিয়ে যাচ্ছে।”

তিনি বলেন, “৫ জানুয়ারি নির্বাচনে অংশ না নেয়ায় বিএনপির নেতাকর্মীরা হতাশ। হতাশ কর্মীদের চাঙা করতে লংমার্চের নামে বিএনপি তিস্তা অভিমুখে পিকনিক করেছেন। তাদের জেনে রাখা উচিত লংমার্চ করে কখনো পানি আসে না।”

শিগগিরই তিস্তা চুক্তি হওয়ার আশা প্রকাশ করে সাবেক পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ বলেন, “১০ এপ্রিল ভারত সরকার চিঠি দিয়ে জানিয়েছে, খুব শিগগিরই আগের চুক্তি অনুযায়ী তিস্তার পানির হিস্যা পূরণ করা হবে।”