২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর ফেরত ট্রলারে ৩ গুলিবিদ্ধ লাশ

কক্সবাজারে একটি ট্রলার থেকে তিনজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। একই ট্রলার থেকে আরেক গুলিবিদ্ধ ব্যক্তিসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2014, 10:16 PM

Updated : 22 Aug 2022, 06:09 PM

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে সাগর থেকে শহরের বাঁকখালী নদীর ফিশারিঘাট এলাকায় ভেড়ার পর ট্রালারটি থেকে লাশগুলো উদ্ধার করা হয় বলে সদর থানার পরিদর্শক আনোয়ার হোসেন জানান।

নিহতরা হলেন-টেকনাফের শাহপরীর দ্বীপের মোহাম্মদ হোসেনের ছেলে আমিন মাঝি (৪৫), মহেশখালীর গোরকঘাটা এলাকার কালু (৪৫) এবং কক্সবাজার সদরের ইসলামাবাদ এলাকার নুর হোসেনের ছেলে জহির আহমদ(৩৫)।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল আহমদ বলেন, শুক্রবার ভোররাতে নাফ নদীতে উপকূলরক্ষা বাহিনীর সদস্যদের (কোস্টগার্ড) সঙ্গে মাদক চোরাচালানিদের গোলাগুলি হয়েছে। হতাহতরা ওই সময় গুলিবিদ্ধ হয়ে থাকতে পারেন।

এ বিষয়ে কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের কমান্ডার কাজী হারুন উর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আক্রান্ত হওয়ার পর আত্মরক্ষার্থে অন্ধকারের মধ্যে গুলি চালিয়েছিলাম। ওই সময় তারা হতাহত হলেও হতে পারে। তবে আমরা তখন কিছুই দেখতে পাইনি।”

ওই ট্রলার থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার মো. হোসেন বলেন, গত ১৭ এপ্রিল এফবি হামিদা ট্রলার নিয়ে তারা ১০ মাঝিমাল্লা বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিলেন। শুক্রবার সকাল ৬টার দিকে সেন্টমার্টিন উপকূলে জলদস্যুরা তাদের ওপর হামলা চালায়।

“এসময় জলদস্যুরা আমাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করলে তিনজনের মৃত্যু হয়। বাকিরা সাগরে ঝাপিয়ে পড়ার পর অনেক কষ্টে আবার ট্রলার উঠে। বিকালে হতাহতদের নিয়ে তীরে পৌঁছাই।”

কোস্টগার্ড কর্মকর্তা কাজী হারুন জানান, ভোররাতের দিকে নাফ নদী হয়ে মিয়ানমার থেকে একটি ট্রলার বাংলাদেশের জলসীমায় আসে। ওই ট্রলারে মাদকের চালান থাকার খবর পেয়ে সেটি থামানোর চেষ্টা করলে ট্রলারটি থেকে কোস্টগার্ডের ওপর হামলা হয়।

“তারা আমাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে এবং হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এতে কোস্টগার্ডের দুই সদস্য ও কোস্টগার্ড বহনকারী ট্রলারের মাঝি আহত হন।”

ওই পরিস্থিতিতে কোস্টগার্ড সদস্যরা পাল্টা অন্তত ৫০ রাউন্ড গুলি বর্ষণ করলে ট্রলারটি আবারো মিয়ানমারের জলসীমার দিকে ফিরে যায় বলে জানান কাজী হারুন।

সংঘর্ষে আহত কোস্টগার্ডের এমই-১ আবদুস সামাদকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল, এবি মোহাম্মদ ফায়সালকে চট্টগ্রাম নৌবাহিনীর হাসপাতাল এবং কোস্টগার্ড সদস্যদের বহনকারী ট্রলারের মাঝি আমান উল্লাহকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কক্সবাজার সদর থানার পরিদর্শক(তদন্ত) আনোয়ার হোসেন জানান, ওই ট্রলারে পাঁচ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে গুলিবিদ্ধ হোসেনও রয়েছেন।

আটক অন্য চারজন হলেন-কক্সবাজার শহরের কালুর দোকান এলাকার নবী হোসেনের ছেলে রহমত উল্লাহ, টেকনাফের সাবরাং দেইল পাড়ার মোহাম্মদ তৈয়ুবের ছেলে আলী জোহার, মহেশখালীর শেখ আহমদের ছেলে সোলতান আহমদ এবং কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার জাহেদ হোসেনের ছেলে আবুল কালাম।