বগুড়ায় বিডিনিউজ ২৪ সাংবাদিককে মারধর, হুমকি
সংবাদ প্রতিবেদনের জন্য দুর্র্নীতি ও সরকারি অর্থ আত্মসাতের তথ্য সংগ্রহ করায় ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাংবাদিক জিয়া শাহীনকে মারধর করেছেন।
এছাড়া চেয়ারম্যান রাশেদুজ্জামান উজ্জ্বল প্রাণনাশের হুমকিও দিয়েছেন অভিযোগ করে জিয়া শাহীন থানায় মামলা করেছেন।
ঘটনার পর থেকে জিয়া শাহীন পরিবার-পরিজন নিয়ে বাড়ি ছেড়ে বগুড়া শহরে অবস্থান করছেন।
ধুনট থানার ওসি মোবারক হোসেন জানান, এই ঘটনায় বৃহস্পতিবার রাতে চেয়ারম্যান রাশেদুজ্জামানসহ নয় জনের বিরুদ্ধে মামলা করেছেন জিয়া শাহীন। পুলিশ রাতেই রেজ্জাক আলী নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে।
তিনি জানান, স্থানীয় সংসদ সদস্য হাবিবুর রহমান এবং পুলিশ সুপার মোজাম্মেল হক এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, সরকারি অর্থ উত্তোলন করে উন্নয়নমূলক কাজ না করে নিজের কাছে রাখা, অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির তালিকা প্রণয়নে ভোটার আইডি কার্ডে বয়স বাড়িয়ে দিয়ে অর্থ আদায় করা, সন্ধ্যার পর ইউনিয়ন পরিষদ ভবনে নেশার আসর বসানো এবং চিথুলিয়া গ্রামে মাদক বিক্রির আস্থানা করার বিষয়ে সংবাদ প্রতিবেদন করতে তথ্য সংগ্রহ করেন জিয়া শাহীন।
এসব অভিযোগে গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদুজ্জামান উজ্জ্বলের বিরুদ্ধে অনেকেই মতামত দেন।
বিষয়টি চেয়ারম্যান উজ্জ্বল জানতে পেরে মঙ্গলবার রাস্তায় মাতাল অবস্থায় মোটরসাইকেল দিয়ে আটকে তাকে (জিয়া শাহীন) হুমকি দেন এবং মারপিট করতে উদ্যত হন।
তখন আশপাশের লোকজনের কারণে চেয়ারম্যান তাকে মারধর করতে পারেননি।
এরপর জিয়া শাহীন চিথুলিয়ায় নিজ বাড়ি গেলে তিনটি মোটরসাইকেলযোগে চেয়ারম্যানসহ নয় জন গিয়ে হামলা চালান।
তখন তারা বলতে থাকেন, “সাংবাদিক মারলে কিছু হয় না, সাংবাদিক হত্যার বিচার হয় না। তোর সংবাদ প্রকাশ করা আজ জীবনের মতো শেষ করে দেব।”
এরপর বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র এনে সহযোগীদের সঙ্গে নিয়ে প্রায় শতাধিক লোকের সামনে মারপিট শুরু করেন।
এ সময় উপস্থিত লোকজন ক্ষিপ্ত হয়ে উঠলে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এই ঘটনার পর তিনি থানায় মামলা করেন বৃহস্পতিবার রাতে। পুলিশ মামলার এক আসামিকে গ্রেপ্তার করে।
মামলায় আরো বলা হয়, এরপর তারা তাকে খুন করার হুমকি দেন। তিনি এখন প্রাণভয়ে পরিবারের সবাইকে নিয়ে বগুড়া শহরে অবস্থান করছেন।
