২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গী-গাজীপুরে দুর্ঘটনায় ৬ লেগুনাযাত্রী নিহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এবং টঙ্গীর শিলমুন এলাকায় ট্রাকের ধাক্কায় লেগুনার ৬ যাত্রী নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2014, 09:18 AM

Updated : 01 Sep 2026, 12:47 PM

কোনাবাড়ি সালনা মহাসড়ক পুলিশ থানার ওসি আলমগীর সিদ্দীক জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে চন্দ্রা ফরেস্ট অফিসের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে যাত্রীদের নিয়ে লেগুনাটি চন্দ্রা থেকে কোণাবাড়ি যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক লেগুনাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বগুড়ার খাদিজা আক্তার (২৩) মারা যান।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর মারা যান নাটোরের সিংড়ার আব্দুল খালেক (৪০), টাঙ্গাইলের গোপালপুরের আব্দুল হাকিম (৪৫), সিরাজগঞ্জের কাজীপুরের আব্দুস সোবাহান (৩০) ও অজ্ঞাত পরিচয় এক যুবক (২)।

অন্যদিকে সকাল সাড়ে ৬টার দিকে টঙ্গীর শিলমুন এলাকায় কালগিঞ্জগামী একটি যাত্রীবাহী লেগুনাকে বিপরীত দিক থেকে আসা ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হন লেগুনার যাত্রী বেদেনা আক্তার (৪২)।

নিহত বেদেনা নেত্রকোনার মৃত নুরুল ইসলামের স্ত্রী বলে টঙ্গী থানার উপ-পরিদর্শক মো. হেলাল উদ্দিন জানিয়েছেন।

তিনি বলেন, দুর্ঘটনায় লেগুনার আরো ৮ যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে টঙ্গীর আরিচপুরের আব্দুল বারেককে (৩৫) টঙ্গী হাসপাতালে ও শিলমুনের মো. মামুনকে (১৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।