অবরোধের পর উত্ত্যক্তকারী এসআই প্রত্যাহার
গোপালগঞ্জে পুলিশের এক উপ-পরিদর্শকের উত্ত্যেক্তের প্রতিবাদ করায় দুই কলেজছাত্রকে প্রহার করেছেন ওই কর্মকর্তা।
সোমবার দুপুরে এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করলে এএসআই ফারুক হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, এ ঘটনায় অভিযুক্ত এএসআই ফারুক হোসেনকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মো. আব্দুল হামিদ জানান, গোপালগঞ্জ শহরের শেখ রাসেল শিশু পার্কে বৈশাখি মেলায় বেড়াতে আসা মেয়েদের উত্ত্যক্ত করছিলেন পুলিশের এএসআই ফারুক হোসেন।
এ সময় শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজের ছাত্র শাহানাজ ও সাইমুন এর প্রতিবাদ করেন। এ নিয়ে ওই পুলিশ কর্মকর্তার সঙ্গে তিন ছাত্রের কথা কাটাকাটি হয়।
এরপর ছাত্ররা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করতে গলে সেখানে এএসআই ফারুক হোসেন তাদের প্রহার করেন।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীরা গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের সামনের সড়কে টায়ার জ্বালিয়ে বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত সড়ক অবরোধ করে।
পরে এএসআই ফারুককে প্রত্যাহার করার ঘোষণা দেয়া হলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয় বলে জানান হামিদ।
