জয়পুরহাটে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ২
জয়পুরহাটের কালাই উপজেলায় বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হন অন্তত ১৫ জন।
সোমবার দুপুরে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের পুনট নান্দাইল মোড়ে নিহত হন পিকআপের চালক শাহীনুর ইসলাম (৩০) এবং কাঁচামাল ব্যবসায়ী আলা মিয়া (৩৫)।
কালাই থানার ওসি রমজান আলী জানান, দুপুর ১টার দিকে বগুড়াগামী একটি বাসের সঙ্গে জয়পুরহাটগামী একটি পিকআপভ্যানের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপভ্যানের চালকসহ ২ জন নিহত হন।
চালক শাহীনুর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার আজলদি গ্রামের মিনু মিয়ার ছেলে। জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার সুতরাইল গ্রামের জাকির উদ্দিনের ছেলে আলা মিয়া ওই পিকআপে করে কাঁচামাল নিয়ে ঢাকা যাচ্ছিলেন।
আহতদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জয়পুরহাট জেলা সদর আধুনিক হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
