উল্লাপাড়ায় অপহৃত যুবকের হাড়গোড় উদ্ধার
অপহরণের আট দিন পর সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এক যুবকের হাড়গোড় পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
মাসুদ রানা (২৬) নামের ওই যুবক উপজেলা সদরের বাকুয়া দক্ষিণপাড়ার নুর হোসেনের ছেলে।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও এ অপহরণ মামলার তদন্ত কর্মকর্তা সবুজ রানা বলেন, সোমবার সকালে বাকুয়া এলাকার একটি ধান ক্ষেতে মানুষের হাড়গোড় পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় সংবাদ দেয়।
১১টার দিকে ঘটনাস্থল থেকে হাড়গোড়, একটি লুঙ্গি ও গেঞ্জি উদ্ধার করা হয়। নিহতের শরীরের মাংস পচে-গলে গেছে।
মাসুদের স্বজনরা উদ্ধার করা আলামত দেখে সেগুলো অপহৃত মাসুদ রানার বলে সনাক্ত করেছেন, জানান এসআই সবুজ।
বিষয়টি আরো নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্ত ও হাড়গোড়ের ডিএনএ পরীক্ষা করা হবে।
তিনি জানান, গত ৬ এপ্রিল রাতে মাসুদ রানা নিখোঁজ হন। পরে অপহরণকারীরা মোবাইল ফোনে পরিবারের কাছে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
গত বুধবার (৯ এপ্রিল) এ ঘটনায় মাসুদ রানার স্ত্রী খাদিজা খাতুন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
খাদিজা খাতুন বলেন, ঘটনার পর থেকে অপহরণকারীরা বিভিন্ন মোবাইলে ফোনে মুক্তিপণ দাবি করে আসছে। আজ (সোমবার) সকালেও মোবাইল ফোনে মুক্তিপণের টাকা দাবি করা হয়।
তিনি অভিযোগ করেন, “শুরুতেই বিষয়টি জানানো হলেও পুলিশ মামলা নেয়নি। তিন পর মামলা নিলেও তারা আমার স্বামীকে উদ্ধারে সক্রিয় হয়নি।”
এ বিষয়ে উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদা বলেন, মাসুদ রানার স্ত্রী খাদিজা খাতুনের আরেক জায়গায়ও বিয়ে হয়েছিল। বিষয়টি অপহরণ নাকি পারিবারিক শক্রতা তা নিশ্চিত হতে কিছু সময় ব্যয় হয়েছে।
অসহযোগিতার অভিযোগ সত্য নয় বলে দাবি করেন তিনি।
