দুই স্ত্রীর ঝগড়া, ঘর পোড়াল নিজে
দুই স্ত্রীর ক্রমাগত ঝগড়ায় অতীষ্ঠ এক যুবক নিজেই ঘরে আগুন দিয়েছেন।
মাদারীপুরের কালকিনি উপজেলার পাঙ্গাসিয়া গ্রামে রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
আগুনে আফতাজুদ্দিন সরদারের ছেলে আরিফ সরদারের (২৭) ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। এলাকাবাসী পিটুনি দিয়ে আরিফকে পুলিশে সোপর্দ করেছে।
আরিফের বরাত দিয়ে কালকিনি থানার ওসি নাজমুল হুদা জানান, দুই বিয়ে করায় আরিফের পরিবারে সব সময় নানা বিষয়ে ঝগড়া লেগে থাকে।
রোববার দুপুরে প্রথম স্ত্রী তানিয়ার সঙ্গে বাকবিতণ্ডা হওয়ার পর অভিমান করে তিনি নিজেই নিজের ঘরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেন।
গ্রামবাসী দুই ঘণ্টা চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।
