কোটালীপাড়ায় শ্রমিক লীগ নেতা দুর্ঘটনায় নিহত
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা শ্রমিক লীগ সভাপতি শেখ আমির হোসেন (৪০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
রোববার গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে কোটালীপাড়া উপজেলার মেরী সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
কোটালীপাড়া থানার ওসি মো. আব্দুল লতিফ জানান, দুপুরে ইজিবাইকে করে শেখ আমির হোসেন কোটালীপাড়ার রাধাগঞ্জ থেকে ঘাঘর বাজারে যাচ্ছিলেন।
বেলা আড়াইটার দিকে মেরী সিনেমা হলের সামনে পিছন দিক থেকে একটি ট্রাক্টর তাদের ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইক উল্টে শেখ আমির হোসেনসহ চার জন আহত হন।
গোপালগঞ্জ হাসপাতালে বিকাল ৪টায় চিকিৎসাধীন অবস্থায় আমির হোসেনের মৃত্যু হয়।
আমির হোসেন কোটালীপাড়া উপজেলার দীঘলিয়া গ্রামের মোহন মিয়ার ছেলে।
