২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিটামিন-হাম রুবেলা ক্যাম্পেইনের টাকা ‘লুটপাট’

গোপালগঞ্জ সদরে ভিটামিন এ প্লাস ও হাম রুবেলা ক্যাম্পেইনে সরকারি বরাদ্দের কয়েক লাখ টাকা আত্মসাতের অভিযাগে উঠেছে উপজেলার দুই কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে।

মনোজ সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2014, 05:49 PM

Updated : 01 Sep 2026, 12:47 PM

এ দুই কর্মকর্তা হলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধূরী শফিকুল আলম ও ইপিআই কার্যক্রমের মেডিকেল টেকনিশিয়ান নাহিদ কামাল।

স্বাস্থ্যমন্ত্রী বরাবর কয়েকজন কর্মচারীর এ অভিযোগ গত বুধবার ডাকযোগে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন উপজেলার সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোসাদ্দেক হোসেন মুসা।

গোপালগঞ্জ সদর উপজেলায় চলতি বছরের শুরুতে হাম রুবেলা ক্যাম্পেইন  আরম্ভ হয়ে ফেব্রুয়ারিতে শেষ হয়। ভিটামিন এ ক্যাম্পেইন মার্চে শুরু হয়ে শেষ হয় এপ্রিলে।

সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোসাদ্দেক হোসেন মুসা বলেন, এ কার্যক্রমে সদর উপজেলার ২১টি ইউনিয়নে দুদফা মাইকিং করার কথা ছিল। কিন্তু শুধু ২টি মাইক দিয়ে জেলা শহর ও আশপাশের দুয়েকটি গ্রামে নামমাত্র মাইকিং করে প্রায় ৭৫ হাজার টাকা ভুয়া ভাউচার দেখিয়ে হাতিয়ে নিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধূরী শফিকুল আলম এরং ইপিআই কার্যক্রমের মেডিকেল টেকনিশিয়ান নাহিদ কামাল।

অভিযোগকারী স্বাস্থ্য সহকারী সমীর অধিকারী বলেন, সদর উপজেলায় ৫০৪টি কেন্দ্র রয়েছে। কিন্তু অতিরিক্ত আরো ৪৬টি কেন্দ্র দেখিয়ে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে কর্মীদের সম্মানী, আপ্যায়ন ও রেজিস্ট্রেশনের প্রায় ৩ লাখ টাকা আত্মসাত করে ওই চক্র।

স্বাস্থ্য সহকারী উন্নতী রানী জয়ধর বলেন, কর্মীদের কাছ থেকে কৌশলে ডাবল শিটে ১৮ দিনের সম্মানী ভাতায় স্বাক্ষর নিয়ে মাত্র ১২ দিনের সম্মানীর টাকা প্রদান করা হয়। ৬ দিনের সম্মানীর ৪ লাখ টাকা লুট করেন তারা।

স্বাস্থ্য সহকারী মোর্শেদুল আলম বলেন, উপজেলা টিকাদান ক্যাম্পেইন, কো-অর্ডিনেটিং মিটিং, মাঠকর্মী, সুপারভাইজার, ওয়ার্ড পর্যায়ের স্বেচ্ছাসেবকদের  প্রশিক্ষণ, আইপিসি, বর্জ্য অপসারণ, মালামাল পরিবহন খরচসহ বিভিন্ন খাত থেকে আরো কয়েক লাখ টাকা লুটে নেন ওই দুই কর্মকর্তা।

স্বাস্থ্য সহকারী শাহিদুল ইসলাম বলেন, “আমদের বঞ্চিত করে লাখ লাখ টাকা আত্মসাত করায় আমরা এ অভিযোগ দায়ের করেছি।”

এ ব্যাপারে অভিযুক্ত মেডিকেল টেকনিশিয়ান নাহিদ কামাল বলেন, সম্মানীর টাকা ডাবল শিটে স্বাক্ষর নিয়ে প্রদান করা হয়েছে। ১২০০ ও ৬০০ দুভাবে প্রদান কার হয়েছে। নাস্তা খাতে কিছ হেরফের হতে পারে। অন্যান্য খাতে কোনো অনিয়ম হয়নি।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধূরী শফিকুল আলম বলেন, “আভিযোগ সম্পর্কে কিছু জানি না। শুনেছি আমার বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। আমার অফিসে অনিয়ম বা দুর্নীতির কোনো ঘটনা ঘটেনি।”