২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-আরিচা মহাসড়কে পিকআপ থেকে অস্ত্র উদ্ধার

ঢাকা-আরিচা মহাসড়কে একটি পিকআপ ভ্যানকে ধাওয়া করে আগ্নেয়াস্ত্র ও ককটেলসহ বিভিন্ন দেশি অস্ত্র উদ্ধার হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2014, 01:50 PM

Updated : 01 Sep 2026, 12:46 PM

বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার ধামরাইয়ের বাথুলি এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করে হাইওয়ে পুলিশ।

গোলড়া হাইওয়ে থানার ওসি হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে ধামরাইয়ের বারবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় টহলরত পুলিশ ঢাকাগামী একটি পিকআপ ভ্যানের চালককে থামার সংকেত দেয়। কিন্তু ভ্যানটি (ঢাকা মেট্রো-ন-১৬-১৯০২) দ্রুত চলে গেলে টহল পুলিশ ওটাকে ধাওয়া করে।

“এক পর্যায়ে মহাসড়কের বাথুলি এলাকায় একটি ইটভাটার সামনে পিকআপ ভ্যানটি ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ভ্যান তল্লাশি করে দুই রাউন্ড গুলিসহ দুটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলিসহ একটি দেশি শটগান, চারটি হাতবোমা ও দুটি ছোরা উদ্ধার করে পুলিশ।” ওসি হুমায়ুন বলেন, বিভিন্ন মহাসড়কের ডাকাতির ঘটনায় অস্ত্র বহনকারী এই দলটি জড়িত থাকতে পারে।

এব্যাপারে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে ধামরাই থানায় পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।