২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত দুজন

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের সাবিহা নাহার বেগম এবং জাতীয় পার্টির খোরশেদ আরা হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2014, 01:49 AM

Updated : 22 Aug 2022, 06:04 PM

বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনের যুগ্মসচিব জেসমিন টুলী এ দুজনকে নির্বাচিত ঘোষণা করেন।

পরে নির্বাচিতদের নাম-ঠিকানা গেজেট আকারে প্রকাশের জন্য বিজি প্রেসে পাঠানো হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পার হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুজনকে নির্বাচিত ঘোষণা করা হয়।

গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে শপথ নেবেন তারা।

দশম সংসদের সংরক্ষিত মহিলা আসনের প্রথম দফা ভোটে এ দুজনের মনোনয়নপত্র বাতিল করেছিল নির্বাচন কমিশন। পরে কমিশনে আপিল করেও হেরে যান তারা।

মনোনয়নপত্র জমা দেয়ার আগে দুই প্রার্থীই তাদের বকেয়া বিল পরিশোধ করেন। তবে নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের অন্তত এক সপ্তাহ আগে বিল পরিশোধ না হওয়ায় রিটার্নিং কর্মকর্তা তা বাতিল করেন।

৫০ জনের মধ্যে বাকি ৪৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে এরইমধ্যে সংসদে যোগ দিয়েছেন।

পরে বাকি দুটি আসনের জন্য ফের তফসিল ঘোষণা করে ইসি।