২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, শিক্ষক বরখাস্ত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2014, 11:38 PM

Updated : 01 Sep 2026, 12:46 PM

বরখাস্তকৃত অধ্যাপক এসএম ইকবাল হোসেন বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল বিভাগের শিক্ষক।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহবুবুর রহমান জানান, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাকে অফিস করতে নিষেধ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আগের দিন বিকালে রেজিস্ট্রার অফিসের পিয়ন মোস্তাফিজার রহমান প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো বাংলা নববর্ষের শুভেচ্ছা কার্ড বিতরণ করতে কৃষি অনুষদ ভবনের বায়ো এনভায়রনমেন্ট সায়েন্স বিভাগের শিক্ষক আবুল হোসেন মোল্লাহর কক্ষে যান।

“সেখানে অবস্থানরত কৃষি প্রকৌশল বিভাগের অধ্যাপক এস এম ইকবাল হোসেন তার কাছ থেকে কার্ডটি গ্রহণ না করে প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি করেন। এসময় ওই কক্ষে থাকা অন্য দুই শিক্ষক আবুল হোসেন ও মঞ্জুরুল হক তার উক্তির নিন্দা করেন। পরে ঘটনাটি মোস্তাফিজ আমাকে, রেজিস্ট্রার ও কোষাধ্যক্ষকে অবহিত করেন।”

উপাচার্য বলেন, এ ঘটনার পর আবুল হোসেন ও মঞ্জুরুল হককে তার কার্যালয়ে ডেকে কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন মিয়া ও রেজিস্ট্রার কাজী আব্দুল খালিকের সামনে জিজ্ঞাসাবাদ করে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

“পরে বিকালেই বিশ্ববিদ্যালয়ের স্থানীয় সিন্ডিকেট সদস্য অধ্যাপক খোরশেদ আলম বাবুল ও অধ্যাপক ইসমাইল হোসেন মিয়াসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ইকবাল হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।”

তবে অভিযুক্ত ইকবাল হোসেন কটূক্তির কথা স্বীকার করলেও তা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ছিল না বলে দাবি করেছেন।

তিনি বলেন, ওইদিন একই কক্ষে বসে ওই তিন শিক্ষক গত ৬ এপ্রিল একটি জাতীয় দৈনিকে ‘বিদেশি বন্ধু ও সংগঠনকে মুক্তিযুদ্ধের সম্মাননা ক্রেস্টে স্বর্ণের ১২ আনাই মিছে!’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন নিয়ে আলোচনার এক পর্যায়ে ক্রেস্টে সোনা কম দেয়ার সঙ্গে জড়িত কারিগরদের উদ্দেশ্যে তিনি কটূক্তি করেন।

“ওই আলোচনার সময় এমএলএসএস মোস্তাফিজ নববর্ষের শুভেচ্ছা কার্ড দিতে গিয়ে ওই কটূক্তি শুনে হয়তো মনে করেছে তা প্রধানমন্ত্রীকে বলা হয়েছে।”