শেষ হলো সংসদের প্রথম অধিবেশন
মোট ৩৬ কার্যদিবসের পর শেষ হলো দশম সংসদের প্রথম অধিবেশন, যেখানে দ্রুত বিচার সংশোধনসহ দুটি বিল পাস হয়েছে।
বৃহস্পতিবার রাতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠ করার মধ্য দিয়ে অধিবেশনের ইতি টানেন।
গত ২৯ জানুয়ারি যাত্রা শুরু করা এই সংসদে নেই গত প্রায় আড়াই দশক ধরে সরকারি বা বিরোধী দলের আসনে থাকা বিএনপি। এবার প্রথমবারের মতো সংসদে বিরোধী দল জাতীয় পার্টি, সরকারেও যাদের তিনজন মন্ত্রী রয়েছেন।
প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে বিরোধী দলের বস্তুনিষ্ঠ ভূমিকার প্রত্যাশা জানান স্পিকার।
তিনি বলেন, “সংসদে বিরোধী দলের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিরোধী দলের বস্তুনিষ্ঠ ভূমিকা সরকারকে সহযোগিতা করে। শ্যাডো বা অলটারনেটিভ গভর্মেন্ট হিসেবে বিরোধী দল সরকারকে সহযোগিতার মাধ্যমে অনন্য উদাহরণ সৃষ্টি করতে পারে।”
সংসদীয় কার্যক্রমে নিয়মিত উপস্থিত থাকায় বিরোধী দল এবং স্বতন্ত্র সদস্যদের ধন্যবাদ জানান শিরীন শারমিন চৌধুরী। সংসদ কার্যকর করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
বক্তব্যে ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা উদ্ধৃত করেন স্পিকার, “...এটা হয়তো আমার শেষ বার্তা। আজ থেকে বাংলাদেশ স্বাধীন।”
গত ৫ জানুয়ারির নির্বাচনে জয়ের পর টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। নির্বাচনের চার দিনের মাথায় শপথ নেন বিজয়ীরা।
বিএনপির বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত নির্বাচনে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিরোধী দলের আসনে বসে জাতীয় পার্টি। বিরোধী দলীয় নেতার আসনে বসেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ। সরকারের মন্ত্রিসভায়ও জাতীয় পার্টির তিন জন নেতা রয়েছেন।
জাতীয় পার্টির সরকার ও বিরোধী দলে একসঙ্গে থাকা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা রয়েছে। তবে দলটির পক্ষ থেকে বলা হয় ‘কার্যকর’ সংসদ প্রতিষ্ঠায় সরকারকে সহযোগিতা করবে তারা। সরকার গণবিরোধী কিছু করলে তার বিরোধিতা করা হবে।
বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে গত ২৩ মার্চ সংসদ থেকে ১০ মিনিটের জন্যে ওয়াক আউট করেন জাতীয় পার্টির এমপিরা।
নবম সংসদের মতো এই সংসদেও প্রথম অধিবেশনে সবগুলো সংসদীয় কমিটি গঠন করা হয়। তবে নবম সংসদে বিরোধী দল থেকে সভাপতির পদ দেয়া হলেও এবার তা হয়নি, যা নিয়ে সংসদে হতাশা প্রকাশ করেছেন বিরোধী দলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরী।
সংসদের প্রথম অধিবেশনে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ উপস্থিত ছিলেন ১৪ কার্যদিবস। আর জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ উপস্থিত ছিলেন চার কার্যদিবস। গত নবম সংসদের পুরো মেয়াদে তৎকালীন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া উপস্থিত ছিলেন ১০ কার্যদিবস।
অধিবেশন শুরুর দিন সংবিধানের বিধান অনুযায়ী, সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পরে তার ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আনেন প্রধান হুইপ আসম ফিরোজ। পুরো অধিবেশন জুড়ে সংসদ সদস্যরা এই ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা করেন।
বৃহস্পতিবার সংসদে কণ্ঠভোটের মাধ্যমে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়।
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, এ অধিবেশনে মোট কার্যদিবস ছিল ৩৬টি। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা হয়েছে ৫৬ ঘণ্টা ৫২ মিনিট, যেখানে ৪৫ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত নিয়েছিল কার্যউপদেষ্টা কমিটি।
কার্যউপদেষ্টা কমিটি গত ৩ এপ্রিল পর্যন্ত অধিবেশন চালানোর সিদ্ধান্ত নিলেও সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার সুযোগ দিতে অধিবেশনের মেয়াদ বাড়ান স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
অধিবেশনে দুটি বিল পাস হয়। এগুলো হলো- ‘আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) বিল- ২০১৪’ এবং ‘সুপ্রিম কোর্ট জাজেস (রিমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৪’।
এসব বিল পাসের সময় কোনো বিরোধিতা করেনি জাতীয় পার্টি।
কার্যপ্রণালী-বিধির ৭১ বিধিতে ২৩০টি নোটিশ পাওয়া যায়, যার মধ্যে ১৫টি গ্রহণ করে আটটি নিয়ে সংসদে আলোচনা হয়। ৭১ (ক) বিধিতে দুই মিনিটের আলোচিত নোটিশের সংখ্যা ৭৫টি।
প্রধানমন্ত্রীর উত্তর দেয়ার জন্য মোট ১৭৯টি প্রশ্ন পাওয়া যায়। এরমধ্যে ৫৭টি প্রশ্নের উত্তর দেন তিনি। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তর দেয়ার মোট ২ হাজার ৯৩১টি প্রশ্নের মধ্যে মন্ত্রীরা ১ হাজার ৯৬৮টি প্রশ্নের জবাব দেন।
হাজী সেলিমের ৫ মুলতবি প্রস্তাব
বৃহস্পতিবার অধিবেশনের শুরুতে স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিমের দেয়া ৫টি মুলতবি প্রস্তাব নাকচ করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
এসময় স্পিকার বলেন, মুলতবি প্রস্তাবগুলো পরীক্ষা করে দেখা গেছে এগুলো কার্যপ্রণালী বিধির অন্যান্য বিধিতে নিষ্পত্তিযোগ্য। এ কারণে এগুলো গ্রহণ করা গেলো না।
সায়েদাবাদ বাস টার্মিনালে চাঁদাবাজি, রেলে তেল চুরি, মেঘনা নদীতে অবাধে জাটকা নিধন, রাজশাহী মেডিকেল কলেজে ওষুধ চুরি এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে দুর্নীতি প্রসঙ্গে আলোচনার জন্য পাঁচটি মুলতবি প্রস্তাব জমা দেন হাজী সেলিম।
গত নবম সংসদের প্রথম অধিবেশন থেকেই বিরোধী দল মুলতবি প্রস্তাব জমা দিলেও এবার জাতীয় পার্টি কোনো প্রস্তাব জমা দেয়নি।
