চট্টগ্রামে জাল ড্রাইভিং লাইসেন্সসহ গ্রেপ্তার ১
চল্লিশটি জাল ড্রাইভিং লাইসেন্সসহ চট্টগ্রামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার বিকালে নগরীর ওআর নিজাম রোড থেকে গ্রেপ্তার মো. ইয়াছিন (৪০) ভুয়া লাইসেন্স বিক্রির সঙ্গে জড়িত সংঘবদ্ধ দলের সদস্য বলে দাবি করেছে পুলিশ।
কুমিল্লার চৌদ্দগ্রামের বাসিন্দা ইয়াছিন বর্তমানে চট্টগ্রামের বায়েজিদ এলাকার রৌফাবাদের বাস করেন বলে জানান নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক দেবাশীষ চৌধুরী।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওআর নিজাম রোডে ইসলামী ব্যাংকের সামনে থেকে ইয়াছিনকে আটক করা হয়।
“এসময় তার কাছ থেকে বিভিন্ন ধরনের ৪০টি ভুয়া ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়।”
গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (বন্দর) আনোয়ার হোসেন জানান, ভুয়া ড্রাইভিং লাইসেন্স বিক্রির একটি সংঘবদ্ধ প্রতারক চক্র নগরী ও জেলার বিভিন্ন স্থানে রয়েছে। ইয়াছিন ওই দলের সদস্য।
“চক্রের সদস্যরা পরীক্ষা ছাড়া ড্রাইভিং লাইসেন্স পাইয়ে দেয়ার কথা বলে বিভিন্নজনের কাছ থেকে ছবি ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে ইয়াছিনের কাছে পাঠায়।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াছিন সংগ্রহ করা ছবি ও পরিচয়পত্রগুলো কুরিয়ারের মাধ্যমে ঢাকায় পাঠানোর কথা স্বীকার করেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আনোয়ার হোসেন বলেন, “ইয়াছিনপ্রতিমাসে তিন থেকে চারবার সে ঢাকা থেকে ভুয়া লাইসেন্স সংগ্রহের কথা স্বীকার করেছে।”
ঢাকায় প্রতিটি ২০০ টাকায় তৈরি করা এসব ভুয়া লাইসেন্স চট্টগ্রামে ৪/৫ হাজার টাকায় বিক্রি হতো বলে জানা তিনি।
