২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ডাকাত সন্দেহে পিটুনিতে নিহত ২

ফেনীর দাগনভূঞা উপজেলায় ডাকাত সন্দেহে পিটুনিতে আহত আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় দুজনের মৃত্যু হল।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2014, 09:00 PM

Updated : 01 Sep 2026, 12:46 PM

ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক অসীম কুমার সাহা জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে সেখানে চিকিৎসাধীন ওসমান গণি (২৭) মারা যান।

বুধবার রাতে উপজেলার করিমুল্লাহপুর গ্রামে এ ঘটনায় আহত আবদুল খালেক বাচ্চু (৪০) বৃহস্পতিবার সকালে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাচ্চু উপজেলার করিমুল্লাপুর গ্রামের শামছুল হকের ছেলে।

ডাকাতির প্রস্তুতির সময় গণপিটুনিতে আহত হয়ে মারা গেছে বলে পুলিশ জানালেও বাচ্চুর স্ত্রী কহিনুর বেগমের দাবি, বাচ্চু ফেনী শহরের বিসিক এলাকায় ভাঙ্গারির ব্যবসা করত। শাহাবুদ্দিন নামে এক ব্যক্তির কাছে বাচ্চু দুই হাজার আটশ’ টাকা পেত।

তিনি বলেন, ~বুধবার মধ্যরাতে পাওনা টাকা দেয়ার নাম করে শাহবুদ্দিন তার স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সকালে ফেনী সদর হাসপাতাল থেকে স্বামীর মৃত্যুর খবর পান।"

দাগনভূঞা থানার ওসি নিজাম উদ্দিন বলেন, ~কয়েকজন লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে বুধবার রাতে করিমুল্লাপুর গ্রামের বাসিন্দারা তাদের পিটিয়ে আহত করে।

~পুলিশ আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন আবদুল খালেক বাচ্চু সকালে মারা যায়।"

আহত কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পদুয়া বাজার এলাকার হানিফ মিয়ার ছেলে শাহাবুদ্দিনকে (৩৫) ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি নিজাম উদ্দিন।