মাগুরায় ভুয়া পুলিশ আটক
মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল এলাকা থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়দানকারী তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার দুপুরে গোয়েন্দা পুলিশ পরিচয়ে এক যুবককে অপহরণের চেষ্টা করলে স্থানীয় জনতা তাদেরকে আটক করে বলে জানান শ্রীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউল ইসলাম।
আটকরা হচ্ছেন গোপালগঞ্জের বদরুজ্জামনের ছেলে মেজবা হোসেন, মাদারীপুরের কাওখালী এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে সাদ্দাম হোসেন সুজন এবং ফরিদপুরের ভাঙ্গা এলাকার আহম্মদ গনি শাহীন।
উপজেলার মাঝাইল-মান্দারতলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে খালিদ হাসান বেলা ১২টার দিকে নাকোল বাজার থেকে বাড়ি যাচ্ছিল।
পথে মোটরসাইকেলে করে এসে তিন যুবক ডিবি পুলিশ পরিচয় দিয়ে তার পকেট তল্লাশি করার কথা বলে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয় বলে জানান তিনি।
এক পর্যায়ে জোরপূর্বক ধরে নিয়ে যেতে চেষ্টার করলে চিৎকার করে খালিদ হাসান। এ সময় আশেপাশের লোকজন এসে তিন যুবককে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে।
