হিরনের লাশ বরিশালে, শুক্রবার দাফন
বরিশালের সদর আসনের সংসদ সদস্য ও সাবেক মেয়র শওকত হোসেন হিরনের মরদেহ তার দক্ষিণ আলেকান্দার বাড়িতে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩টা ২০ মিনিটে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে শওকত হোসেন হিরনের মরদেহবাহী বিমান বাহিনীর হেলিকপ্টার অবতরণ করে।
এ সময় লাশের সঙ্গে তার স্ত্রী, দুই সন্তানসহ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক ও বাহাউদ্দিন নাছিম ছিলেন।
বঙ্গবন্ধু উদ্যান থেকে লাশবাহী হিমায়িত অ্যাম্বুলেন্সে করে শওকত হোসেন হিরনের মরদেহ দক্ষিণ আলেকান্দায় তার বাড়িতে নিয়ে যাওয়া হয়।
শুক্রবারের কর্মসূচি
বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুল করিম জানান, শুক্রবার সকাল ১০টার দিকে মহানগর আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন হিরনের মরদেহ সোহেল চত্বর দলীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হবে।
সেখানে তাকে নেতাকর্মীদের শ্রদ্ধা জ্ঞাপন শেষে মরদেহ বঙ্গবন্ধু উদ্যানে নেয়া হবে।
দুপুর আড়াইটায় বঙ্গবন্ধু উদ্যানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জ্ঞাপন শেষে লাশ মুসলিম গোরস্তানে দাফন করা হবে।
