বন্ধুর পরীক্ষা দিতে গিয়ে ‘ধরা’
চট্টগ্রামের চন্দনাইশে এইচএসসি পরীক্ষা চলাকালীন একটি কেন্দ্র থেকে ভুয়া পরীক্ষার্থীকে আটক করে পুলিশে দিয়েছে দায়িত্বরত শিক্ষকরা।
বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয় পর্বের পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই উপজেলার গাছবাড়িয়া সরকারি ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে।
ফাইল ছবি
ওই কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রের সচিব মুহাম্মদ এনামুল হক জানান, আটক আবেদ বিন হামিদ (২০) পটিয়ারি কুড়াংগিরি গ্রামের আব্দুল হামিদের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবেদ শিক্ষকদের জানিয়েছেন, তিনি চট্টগ্রামের সরকারি হাজি মুহাম্মদ মহসিন কলেজের ব্যবস্থাপনা বিভাগের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। বন্ধুর পরীক্ষা দিতে এসেছিলেন তিনি।
অধ্যাপক এনামুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আবেদ নামের ছেলেটি বিজিসি ট্রাস্ট কলেজের শিক্ষার্থী নুরুল আবসারের হয়ে পরীক্ষা দিতে বসেছিল। পরীক্ষার খাতায় স্বাক্ষর করার সময় রেজিস্ট্রেশন কার্ডের ছবির সঙ্গে তার চেহারার মিল না থাকায় তাকে আটক করা হয়।”
