২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটালীপাড়ায় ধাক্কার জেরে সংঘর্ষে দুইদল গ্রামবাসী

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোটরসাইকেলের ধাক্কা লাগার পর চালক ও পথচারীর মধ্যে কথা কাটাকাটির জের ধরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত হয়েছেন ৩০ জন।

গোপালগঞ্জ প্রতিনিধি

চটগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2014, 12:24 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

বৃহস্পতিবার সকালে কোটালীপাড়া উপজেলার আশুতিয়া গ্রামে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের সময় দুটি বাড়িও ভাংচুর করা হয় বলে পুলিশ জানিয়েছে।

কোটালীপাড়া থানার ওসি মো. আব্দুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার কাজুলিয়া-আশুতিয়া সড়কে আশুতিয়া গ্রামের কামাল মোল্লার মোটর সাইকেলের একই গ্রামের ইউসুফ শেখের ধাক্কা লাগে। এ নিয়ে মোটরসাইকেল আরোহী কামাল ও পথচারী ইউসুফের মধ্যে বাক-বিতণ্ডা হয়।

আগেরদিনের ঘটনা নিয়ে বুধবার কামাল ও ইউসুফের লোকজন সংঘর্ষে জড়ালে অন্তত ২০ জন আহত হন।

বৃহস্পতিবার সকাল ৬টার দিকে কামালের লোকজন ইউসুফের সমর্থক আবু আল শেখ ও জিকরুল শেখের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। এনিয়ে সকাল ৭টার দিকে দু’ গ্রুপের লোকজন ফের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে আহত হন অন্তত ৩০ জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ও কাঁদুনে গ্যাস ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি আব্দুল লতিফ জানান, ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচজনকে আটক করেছে। গুরুতর আহতদের গোপালগঞ্জ ও কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, “ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ আটক অভিযান শুরু করায় দাঙ্গাবাজরা এলাকা থেকে পালিয়ে যাচ্ছে।”