২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাস নিতে বলায় শিক্ষার্থীদের পেটালো শিক্ষকরা

নিয়ম মত ক্লাস নেয়ার দাবি জানানোয় বেত দিয়ে শিক্ষার্থীদের পেটানোর কথা স্বীকার করলেও ব্রাহ্মণবাড়িয়ার এক স্কুলের প্রধান শিক্ষক তাদের আহত করার অভিযোগ অস্বীকার করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইসমাঈল মুসাফির. ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2014, 08:18 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

সদর উপজেলার বাঞ্ছারামপুর এসএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, “মনে হয় স্কুল থেকে বের হয়ে ছাত্ররা নিজেরা শরীরে আঘাতের চিহ্নগুলো করেছে।”

তিনি জানান, স্কুলের একটি কক্ষে সরকারি বই রাখায় ঠিকমতো ক্লাস নেয়া যাচ্ছে না।

বুধবার দুপুরে এ ঘটনার পর বিকালে পাইলট বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হোসেন ছিদ্দিকের কাছে লিখিতভাবে এ বিষয়ে অভিযোগ করেছে।

তাদের লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে ইউএনও জাহিদ বলেন, “ছাত্রদেরকে পেটানো একটি দুঃখজনক ঘটনা।

“এর আইনগত বৈধতা নেই।”

এ বিষয়ে প্রধান শিক্ষককে ডেকে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বেতের আঘাতে আহত আট শিক্ষার্থীর মধ্যে নবম শ্রেণির রিয়াজ উদ্দিন, আরিফুল ইসলাম, আক্তার হোসেন, মাহবুব হাছান, রাহিম হোসেন, রাশেদ আলম এবং অষ্টম শ্রেণির মো. আশিকের নাম জানা গেছে।

আহত আক্তারকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও জানায় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, দুই সপ্তাহ ধরে তাদের বিদ্যালয়ে ৮ ঘণ্টার বদলে ৪/৫ ঘণ্টা ক্লাস নেয়া হচ্ছে।

প্রতিদিনই এভাবে ক্লাস নেয়া প্রসঙ্গে শিক্ষার্থীরা কথা বললে শিক্ষকরা শ্রেণিকক্ষের অভাবে ক্লাস নেয়া হবে না বলে জানান।

বুধবার নিয়ম মতো ক্লাস নেয়ার দাবি জানালে প্রধান শিক্ষক নজরুল ইসলাম, জ্যেষ্ঠ সহকারী শিক্ষক নিখিল চন্দ্র দাস ছাত্রদেরকে বেত দিয়ে পেটান বলে অভিযোগ করছে তারা।