২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যার দায়ে বাগেরহাটে তিনজনের মৃত্যুদণ্ড

একটি হত্যামামলায় তিন চরমপন্থীকে মৃত্যুদণ্ড দিয়েছে বাগেরহাটের আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2014, 03:20 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

দণ্ডিতরা সবাই পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি-জনযুদ্ধের সদস্য। যাকে হত্যার জন্য তিনজনের ফাঁসির আদেশ হয়েছে, সেই মিজান সরদারও একই দলের সদস্য ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

দণ্ডিতরা হলেন- মংলা উপজেলার কুমারখালী গ্রামের মান্নান শেখের ছেলে শহীদ শেখ, একই গ্রামের জালাল সুপারভাইজারের ছেলে ইয়াসিন এবং রামপাল উপজেলার কুমলাই গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে ইয়াছিন হাওলাদার।

তিনজনের অনুপস্থিতিতে বুধবার বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম সোলায়মান এই মামলার রায় দেন।

রায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে, তিনি হলেন মংলা উপজেলার কুমারখালী গ্রামের সোবাহান গাজীর ছেলে মাসুম গাজী ওরফে মাকসু।

আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানাও করেছে, অর্থ দিতে ব্যর্থ হলে আরো দুই বছর কারাভোগ করতে হবে তাকে।

এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার আরেক আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহম্মদ আলী বলেন, জনযুদ্ধের অভ্যন্তরীণ কোন্দলে ২০০৫ সালের ৭ জুন মিজান সরদার খুন হন।

মংলা উপজেলার সফিজ উদ্দিন সরদারের ছেলে মিজানকে ওই গ্রামের মাকসু বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে মিজান নিখোঁজ ছিলেন।

পরদিন পাশের উপজেলা রামপালের মীরাখালী ওয়াপদা বেড়িবাঁধের ওপর থেকে মিজানের জবাই করা লাশ পাওয়া যায়।

এরপর নিহতের বড় ভাই সাইদ সরদার বাদী হয়ে মাসুম, ইয়াসিন ও শহীদের নাম উল্লেখ করে রামপাল থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মো. আফসার উদ্দিন তদন্ত শেষে ২০০৬ সালের ২৯ নভেম্বর পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।