হানিফ ফ্লাইওভারে বাসচাপায় ২ পথচারী নিহত
রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে বাসচাপায় নারীসহ দুই পথচারী নিহত হয়েছেন।
বুধবার সকাল ১০টার দিকে ফ্লাইওভারের টোল প্লাজার আগে শ্রাবণ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে দাঁড়িয়ে থাকা ওই দুই পথচারীকে চাপা দেয়।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা সাড়ে ১০টার দিকে ওই দুই জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক তদের মৃত ঘোষণা করেন।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, আফিয়া খাতুন (৩০)। ওয়ারির ডিসিসি রোডে সূর্যের হাসি ক্লিনিকে তিনি কাজ করতেন।
তার সহকর্মী বাবুল মিয়া জানিয়েছেন, আফিয়া নারায়ণগঞ্জ থাকতেন।
অপর যুবকের বয়স আনুমানিক ২৭। তার পরনে ছিল জিন্স প্যান্ট ও কালো শার্ট।
ওয়ারি থানার এসআই সুকান্ত বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রথম দিকে ওই দুইজনকে বাসের যাত্রী মনে হলেও পরে জানা যায়, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে দাঁড়িয়ে থাকা ওই দুই জনকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তারা।”
