২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় গাড়ির ধাক্কায় পুলিশসহ নিহত ২

রাজধানীর মুগদাপাড়া এলাকায় কভার্ড ভ্যানের ধাক্কায় এক পুলিশ সদস্যসহ দুজন নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2014, 11:14 AM

Updated : 01 Sep 2026, 12:45 PM

নিহত পুলিশ সদস্যের নাম বিকাশ কুমার ঘোষ (৩৮)। তিনি সবুজবাগ থানার এসআই। তার গ্রামের বাড়ি ঝিনাইদহের শৈলকুপার ভাটবাড়িয়ার। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) তাজুল ইসলাম জানান, মঙ্গলবার গভীর রাতে দুর্ঘটনায় আহত হন এসআই বিকাশ। এরপর বুধবার ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুগদা এলাকায় দায়িত্ব পালন করছিলেন বিকাশ। রাত ১২টার দিকে বৌদ্ধ মন্দিরের সামনে পুলিশের টহলরত গাড়ির চাকা নষ্ট হয়ে যায়।

“এ সময় রাস্তার পাশের একটি দোকানে মেকানিককে দিয়ে চাকা পাল্টানো হচ্ছিল। পাশেই দাঁড়িয়ে ছিলেন এসআই বিকাশ। এ সময় পেছন দিক থেকে একটি কভার্ড ভ্যান দ্রুত গতিতে এসে তাকে ও অজ্ঞাত পরিচয় ওই যুবককে ধাক্কা দেয়।”

এতে ঘটনাস্থলেই মারা যান ওই যুবক। গুরুতর অবস্থায় বিকাশকে হাসপাতালে আনা হলে ভোরে তার মৃত্যু হয়।

পুলিশ কর্মকর্তা বলেন, বিকাশ ১৯৯৬ সালে পুলিশ বাহিনীকে কনস্টেবল হিসেবে যোগ দেন। পরে পদোন্নতি পেয়ে এসআই হন।

সবুজবাগ থানায় দুই বছর ধরে কর্মরত বলেন তিনি জানান।

এসআই বিকাশকে দেখতে বুধবার দুপুরে পুলিশ কমিশনার বেনজীর আহমেদ ঢাকা মেডিকেল কলেজ মর্গে যান।

বিকাশের স্ত্রী লাকী ঘোষ মর্গে কান্নাজড়িত কণ্ঠে পুলিশ কর্মকর্তাদের সামনে বলেন, “স্যার আমার আর কিছুই রইল না। আমি এখন কী করব, স্যার?”

এ সময় পুলিশ কর্মকর্তারা তাকে সান্ত্বনা দেন।

বিকাশ স্ত্রী, ছেলে অনয় ঘোষ (৩) ও মেয়ে অরণী ঘোষ (৮)কে নিয়ে উত্তর গোড়ানে থাকতেন।