২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিরন আর ফিরলেন না

১৯ দিন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকে শেষে বিদায় নিলেন বরিশাল সদর আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য, সাবেক মেয়র শওকত হোসেন হিরন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2014, 09:11 AM

Updated : 01 Sep 2026, 12:45 PM

গত ২২ মার্চ বরিশালে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে মাথায় আঘাত পাওয়ার পর ঢাকায় এনে অবস্থার উন্নতি না হওয়ায় সিঙ্গাপুরে নেয়া হয়েছিল তাকে।

কিন্তু সিঙ্গাপুর থেকে কোনো আশা না দেয়ায় দেশে ফিরিয়ে এনে ঢাকার অ্যাপোলো হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল হিরনকে।

সেখানে বুধবার সকাল ৭টায় তার মৃত্যু ঘোষণা করেন চিকিৎসক। আওয়ামী লীগের এই নেতার বয়স হয়েছিল ৫৭ বছর।  তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

অ্যাপোলো হাসপাতালের ব্যবস্থাপক মাসুদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়। তিনি লাইফ সাপোর্টে ছিলেন।”

বরিশালের এই সাবেক মেয়রের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ মন্ত্রীরা শোক প্রকাশ করেছেন।

বিকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হিরনের জানাজা হয়। এতে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন স্তরের সাধারণ মানুষ অংশ নেন।

জানাজা শেষে সংসদ ভবনে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানাজার আগে শওকত হোসেন হিরনের জীবন বৃত্তান্ত পড়েন বরিশালের সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ।

জানাজা শেষে হিরনের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল আবুল হোসেন।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদও কফিনে ফুল দেন।

গত ২২ মার্চ রাতে বরিশাল ক্লাবে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মেঝেতে পড়ে মাথায় আঘাত পান হিরন।

তাৎক্ষণিকভাবে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানকার চিকিৎসক তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

ওই রাতেই তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। ২৩ মার্চ অ্যাপোলোতে হিরনের মস্তিস্কে প্রথম দফায় অস্ত্রোপচার করা হয়। পরদিন তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।

পাঁচ দিন আগে হিরনকে সিঙ্গাপুর থেকে দেশে ফিরিয়ে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় থেকেই তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

১৯৫৬ সালে বরিশালে জন্মগ্রহণকারী হিরন বরিশাল-৫ আসনে ২০১৪ সালে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

২০১২ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

১৯৯৭ সালে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন। ২০০৩ সালে বরিশাল মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক নির্বাচিত হন।

২০০৮ সালে তিনি বরিশালের মেয়র নির্বাচিত হন। ২০১৩ সালে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও হেরেছিলেন তিনি।

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) -এর মাধ্যমে ছাত্রজীবনেই হিরনের রাজনীতিতে প্রবেশ। এর পর জাতীয় পার্টিতে যোগ দেন। ১৯৮৮ সালে বরিশালে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

হিরনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

হিরনের মৃত্যুতে স্পিকারের শোক

হিরনের অবস্থা অপরিবর্তিত, ফিরিয়ে আনা হয়েছে দেশে