২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি সংগঠন: দীর্ঘ হচ্ছে নিষিদ্ধের তালিকা

জঙ্গি তৎপরতার জন্য নিষিদ্ধ পাঁচটি সংগঠনের সঙ্গে আরো অন্তত নয়টি সংগঠন যোগ হচ্ছে নিষিদ্ধের তালিকায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2014, 08:55 AM

Updated : 01 Sep 2026, 12:45 PM

ফাইল ছবি ফাইল ছবি

ফাইল ছবি ফাইল ছবি

ফাইল ছবি ফাইল ছবি

মঙ্গলবার রাতে জঙ্গিবাদ প্রতিরোধ এবং প্রতিকার কমিটির সভাপতি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. আসাদুজ্জামান কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চারটি সংগঠনের নাশকতা ও তৎপরতা দেখতে পারছি। তাছাড়া আরো পাঁচ/ছয়টি সংগঠন রয়েছে যাদের নাশকতামূলক কর্মকাণ্ড আমাদের দৃষ্টিতে এসেছে।”

অবশ্য সংগঠনের নাম জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।

জানতে চাইলে তিনি বলেন, “এগুলোর নামতো এখন বলতে পারবো না। তবে বুধবারের মিটিংয়ে এসব সংগঠন নিয়ে আলোচনা করা হবে।”

কমিটিতে থাকা কয়েকজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, জইশ-ই-মোহাম্মদ, আল্লার দল, হিযবুল মুজাহিদিন, কালেমা-ই-জামাত, আনছারুল্লাহ বাংলা টিম ও হিযবুল মাহাদীর নাম রয়েছে নিষিদ্ধের তালিকায়।

কিছুদিন আগে হিযবুল মাহাদীর প্রতিষ্ঠাতা লুৎফর রহমান ফারুকী ও তার আরো পাঁচ সহযোগীকে গোপীবাগের এক বাসায় গলা কেটে হত্যা করা হয়েছিল।

জঙ্গি সংগঠন নিষিদ্ধ করার পাশাপাশি বেশ কয়েকটি সংগঠনের ওপর বিশেষ নজরদারি রাখা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্মানা কামাল।

নজরদারির মধ্যে থাকা ২৪ সংগঠনের মধ্যে জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরও রয়েছে।

ইতোমধ্যে হিযবুত তাহরীর, শাহাদাত-ই-আল হিকমা, জামায়াতে মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি), হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ (হুজি) ও জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি)- এই পাঁচটি সংগঠনকে জঙ্গি তৎপরতায় জড়িত থাকায় নিষিদ্ধ করেছে সরকার।

নতুন কোন কোন সংগঠন নিষিদ্ধের জন্য সুপারিশ করা হবে জানতে চাইলে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “র‌্যাবের নিবিড় পর্যবেক্ষণে হিযবুত তাওহীদের কার্যকলাপে নাশকতামূলক মনে হয়েছে। হিযবুত তাওহীদকে নিষিদ্ধ করার সুপারিশ করা হবে।”

জঙ্গিবাদী কার্যক্রমে নজরদারি এবং সিদ্ধান্ত গ্রহণে ২০০৯ সালের ২০ এপ্রিল গঠন করা হয় জঙ্গিবাদ প্রতিরোধ এবং প্রতিকার কমিটি।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নেতৃত্বাধীন এই কমিটিতে স্বরাষ্ট্র, শিক্ষা, আইন, ধর্ম, সমাজ কল্যাণ, সমাজ কল্যাণ, স্থানীয় সরকার, তথ্য মন্ত্রণালয়ের সচিব সদস্য হিসোবে রয়েছেন।

এছাড়া পুলিশ, ডিজিএফআই, বিজিবি, আনসার ও ভিডিপি, মহাপরিচালক (প্রধানমন্ত্রীর কার্যালয়), র্যা ব প্রধানও এই কমিটিতে রয়েছেন। অন্য সদস্যদের মধ্যে পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিবকে রাখা হয়েছে।

২০১৩ সালের ৪ জুন সর্বশেষ এই কমিটির বৈঠক হয়েছিল।