আনিসুজ্জামানকে বাংলা একাডেমির সংবর্ধনা
ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পদক পদ্মভূষণ পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামানকে সংবর্ধনা দিয়েছে বাংলা একাডেমি।
মঙ্গলবার সন্ধ্যায় একাডেমি ভবনের আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে আনিসুজ্জামানকে সম্মানসূচক আলোয়ান পরিয়ে দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এরপর তার হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
পদ্মভূষণ ভারতের তৃতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান। ভারতের রাষ্ট্রপতি নিজে এই সম্মানসূচক পদক দেন।
গত ৩১ মার্চ বাংলাদেশের প্রথম নাগরিক হিসেবে পদ্মভূষণে ভূষিত হন আনিসুজ্জামান।
ফাইল ছবি
সংবর্ধনা অনুষ্ঠানে আনিসুজ্জামান বলেন, “সবার ভালোবাসায় আমি আপ্লুত। ভারত সরকারের দেয়া পদ্মভূষণ উপলক্ষ করে আয়োজিত এই সমাবেশ আমাকে আরো দায়বদ্ধ করে তুলল।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, শিল্পী কাইয়ুম চৌধুরী, অধ্যাপক সালাহউদ্দিন আহমেদ, অজয় রায়, ব্যারিস্টার আমীর উল ইসলাম, মোহাম্মদ ফরাস উদ্দিন, সৈয়দ হাসান ইমাম, কবি আসাদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
১৯৩২ সালে ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বসিরহাটে জন্মগ্রহণ করেন আনিসুজ্জামান।
কলকাতায় পার্ক সার্কাস স্কুলে শিক্ষাজীবন শুরু করলেও দেশভাগের পর ঢাকায় লেখাপড়া শেষ করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর কিছুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষকতা করেন। এরপর ১৯৬৯-৮৪ সাল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে শিক্ষকতা করেন।
১৯৮৫ সালে ফের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন।
বাংলা সাহিত্যের ইতিহাসসহ বিভিন্ন বিষয়ে ৬২টি গ্রন্থ সম্পাদনা করেছেন তিনি।
